রাজশাহী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পাঁচটি আসনের ব্যালট পেপার উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটা থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জেলার নয়টি উপজেলায় ধাপে ধাপে এসব ব্যালট পৌঁছে দেওয়া হয়।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্যালট পরিবহনের প্রতিটি ধাপে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নির্বাচন কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। পুরো প্রক্রিয়াজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর সেগুলো নির্ধারিত স্ট্রংরুমে সংরক্ষণ করা হবে। আগামী ১১ ফেব্রুয়ারি উপজেলা থেকে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো হবে।
তবে রাজশাহী–২ (সদর) আসনের ব্যালট পেপার আগামী ১১ ফেব্রুয়ারি মাদরাসা মাঠ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, ব্যালট পরিবহন ও সংরক্ষণের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা প্রায় ২২ লাখ ৬৯ হাজার। জাতীয় সংসদ নির্বাচনের ব্যালটের পাশাপাশি সমসংখ্যক গণভোটের ব্যালটও উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।





