রবিবার , ৫ জুলাই ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুলাই ৫, ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালককে সংঘবদ্ধভাবে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ৩ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শাহমখদুম থানার ডাবতলা-সিটিহাট সড়কের পাশে নিষিদ্ধ ঘোষিত পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ১৭ বছর বয়সী এক রিকশাচালকের (ছদ্মনাম: কিশোর) পথরোধ করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে তারা লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা ভুক্তভোগীর কাছে থাকা মোবাইল ফোন কেনার ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার রিকশার মিটার ভাঙচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ঘটনায় ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহমখদুম থানার কালুরমোড় এলাকার রাকসান (২০), একই থানার খড়খড়ি টিকরদাড়ার আবিদ, চন্দ্রিমা থানার কেচুয়াতৈল এলাকার জাহিদুল, শাহমখদুম থানার বড়বনগ্রাম কুচপাড়া এলাকার সাব্বির, বড়বনগ্রাম মাস্টারপাড়া এলাকার প্রান্তসহ আরও একজন।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন শিশু হওয়ায় শিশু আইনের বিধান অনুসারে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এছাড়া এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত