স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগের বিভিন্ন পৌরসভার বর্জ্য শাখায় কর্মরত কর্মচারীদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবন পরিদর্শনে আসেন। এ উপলক্ষে বুধবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
মতবিনিময় সভায় প্রশিক্ষণার্থীরা রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।
সভায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদা পারভীন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম সহ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।




