• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ১০:০৩

পবার শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধার প্রদর্শনী, স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশ, বিজ্ঞানভিত্তিক চিন্তা এবং উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করতে রাজশাহীর পবা উপজেলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে পবা উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এ আয়োজন করা হয়। এতে পবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

‘মেধা-বিজ্ঞান উদ্ভাবনে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি জনবান্ধব ও কর্মমুখী বাজেট উপস্থাপন করেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কর, শুল্ক ও ভ্যাট কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

তিনি আরও বলেন, দেশের মেধাবী প্রজন্ম যেন বিদেশে মেধা পাচারের শিকার না হয়ে নিজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, সে জন্য বিজ্ঞানভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ জরুরি। পবা উপজেলার শিক্ষার্থীরা জাতীয় নিরাপত্তা, স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন, মহাকাশ বিজ্ঞান এবং স্থানীয় সমস্যা সমাধানভিত্তিক যে উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।

সংসদ সদস্য মিলন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, সুরক্ষা ও জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে একটি শান্তিপূর্ণ, উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। শিক্ষার্থীরা যে উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেছে, তা ভবিষ্যতে কার্যকর উদ্যোগে রূপ নিতে পারে। উপজেলা প্রশাসন শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে সবসময় পাশে থাকবে।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১২টি স্টল উপস্থাপন করে। স্টলগুলোতে স্থানীয় সম্পদ ব্যবহার করে ব্যবসায়িক উদ্যোগ, পাঠ্যবইয়ের বিজ্ঞানভিত্তিক তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ এবং মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়। আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

‘স্টার্টআপ’ ক্যাটাগরিতে শিক্ষার্থীরা স্থানীয় সম্পদ ব্যবহার করে লাভজনক ও সমাজ-সহায়ক ব্যবসায়িক মডেল উপস্থাপন করে। নওহাটা ছালেহিয়া দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা মাটি ও বাঁশ দিয়ে তৈরি মাথাল, ঝাঁকা, মাটির থালা, গ্লাস, কাপ, ফ্রিজ এবং বন্ধু চুলাসহ বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করে।

‘বিজ্ঞান প্রকল্প’ ক্যাটাগরিতে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের তত্ত্বকে ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে উপস্থাপন করে। বাগধানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ক প্রকল্প দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

অন্যদিকে ‘ইনোভেশন আইডিয়া’ ক্যাটাগরিতে মানুষের শ্রম ও কষ্ট কমাতে সক্ষম সহজ, সৃজনশীল ও বাস্তবায়নযোগ্য ধারণা প্রদর্শন করা হয়। মল্লিকপুর রণহাট কুখন্ডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুষ্ক মৌসুমে কৃষিজমিতে জমে থাকা পানির সর্বোত্তম ব্যবহার নিয়ে একটি উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে, যা দর্শনার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

এদিকে একই দিনে মোহনপুর উপজেলাতেও অনুরূপ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। সেখানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আয়েশা নাজনীন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮