রবিবার , ৭ জুন ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বোয়ালিয়ায় বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবি

প্রতিবেদক
sonynews
জুন ৭, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী আলহাজ্ব মো. আনারুল ভান্ডারী।

রোববার (৭ জুন) নগরীর রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনারুল ভান্ডারী বলেন, গত ৩১ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাকিল আহমেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয় এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জন তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, একই রাতে আনুমানিক ৩টার দিকে হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ডাকাডাকি ও ভয়ভীতি প্রদর্শন করে। তাদের চিৎকার-চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।

আনারুল ভান্ডারীর দাবি, ঘটনার আগে একই রাতে তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত শাকিল আহমেদ আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ সময় তিনি রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনারের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যাতে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাকিল আহমেদ আলী বা তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “অভিযুক্ত শাকিল আহমেদ আলী ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। তবে তারা আত্মগোপনে থাকায় এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয়দের সহযোগিতা পেলে তাদের দ্রুত আইনের আওতায় আনা সহজ হবে।”

তিনি অভিযুক্তদের গ্রেফতারে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - আইন