রাজশাহী প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-৫। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে র্যাব-৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তালধারী এলাকায় অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১০টার দিকে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
বস্তাটি তল্লাশি করে ভেতরে পৃথক দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় বিস্ফোরক সদৃশ দ্রব্য গান পাউডার ও ধারালো কাঁচের গুঁড়া পাওয়া যায়। র্যাব জানায়, উদ্ধারকৃত এই সরঞ্জামগুলো মূলত ককটেল বা হাতবোমা তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।
উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আলামতগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।





