অনলাইন ডেস্ক: খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতার পরিচয় দিয়ে আওয়ামীলীগ নেতার মেয়ের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ৩জন আটক। তারা সেনাডাঙ্গা থানা পুলিশের হেফাজতে । সোমবার নগরীর সোনাডাঙ্গা নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর নেসার উদ্দিন সড়কের বাসিন্দা শাহনাজ পারভীনের বাবা এস এম শফিকুল ইসলাম সানা একজন ক্যানসারে আক্রান্ত রোগী। চিকিৎসার জন্য কিছুদিন আগে কয়রা থেকে খুলনায় আসেন। সোমবার দুপুরে হঠাৎ তাঁর বাড়িতে তিনজন যুবক এসে এনসিপি নেতা পরিচয় দিয়ে বলেন এই বাসায় আওয়ামী লীগ নেতা আত্মগোপনে রয়েছেন। ভয়ভীতির দেখানোর এক পর্যায় তাঁরা শাহনাজ পারভীনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহ হলে শাহানাজ কৌশলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কেএমপির সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই তিন যুবককে আটক করে।
আটককৃতরা হলেন মেহেদী হাসান মিরাজ, আল নাঈম ও মিরাজ গাজী। তাঁদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপির খুলনা জেলা কমিটির সদস্য পরিচয় দেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে তাদের হেফাজতে এনেছেন। এদের মধ্যে মেহেদী হাসান মিরাজ নিজেকে এনসিপি খুলনা জেলা শাখার সদস্য বলে পরিচয় দিয়েছেন। তাঁরা সেখানে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ দিলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





