• রাজশাহী, বাংলাদেশ
  • ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা ও শারীরিক নিগ্রহের ঘটনায় রুয়েট উপাচার্যের তীব্র নিন্দা

প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ ৫:২৪

সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা ও শারীরিক নিগ্রহের ঘটনায় রুয়েট উপাচার্যের তীব্র নিন্দা

স্টাফ রিপোর্টার: সাংবাদিক ও বুদ্ধিজীবী নুরুল কবির বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ডেইলি স্টার কার্যালয়ের সামনে প্রকাশ্য দিবালোকে হেনস্তা ও শারীরিক নিগ্রহের শিকার হন। এই ঘটনায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন । সেই সাথে তিনি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘একজন পেশাদার ও বরেণ্য সাংবাদিকের ওপর এই ধরনের ন্যক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।’
উপাচার্য আরও বলেন, ‘বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক ও বুদ্ধিজীবী নুরুল কবির দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, কর্তৃত্ববাদী শাসন এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে সাহসী ও আপোষহীন অবস্থান নিয়ে নিরলসভাবে কাজ করে আসছেন। এমন এক সময়ে তিনি নীতিনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করেছেন, যখন ভিন্নমত প্রকাশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী অবস্থানের কারণে নুরুল কবির বারবার চাপ, সমালোচনা ও হুমকির মুখে পড়লেও কখনো আপস করেননি। মতপ্রকাশের স্বাধীনতা ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার পক্ষে তাঁর দৃঢ় অবস্থান বাংলাদেশের সাংবাদিকতা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নৈতিক মানদণ্ড স্থাপন করেছে। নুরুল কবিরের ফ্যাসিবাদবিরোধী ভূমিকা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়; বরং এটি গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীন চিন্তার পক্ষে দীর্ঘদিনের সচেতন, ধারাবাহিক ও নীতিনিষ্ঠ বুদ্ধিবৃত্তিক সংগ্রামের বহিঃপ্রকাশ।’
উপাচার্য এ ঘটনাকে অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক উল্লেখ করে বলেন, ‘দায়িত্বশীল মহল যদি এ ধরনের ঘটনার বিরুদ্ধে নীরব থাকে কিংবা দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়, তবে ভবিষ্যতে এ ধরনের সহিংসতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।’
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা, ঘটনার সঙ্গে জড়িত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।
একই সঙ্গে রুয়েট উপাচার্যের পক্ষ থেকে দেশের সকল সচেতন নাগরিক, পেশাজীবী সংগঠন, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন , ‘এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তুলতে এবং স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সকলকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮