• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

বাগমারায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মানিকগঞ্জ থেকে গ্রেফতার

প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫ ১০:৫৮

বাগমারায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মানিকগঞ্জ থেকে গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশকে আক্রমণ ও আসামি ছিনিয়ে নেওয়ার পর গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের হওয়া চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামি মো. মোজাম্মেল হক (৪০) কে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল ০৪ অক্টোবর বিকেল ৪টা ৩০ মিনিটে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চক মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মোজাম্মেল হক রাজশাহীর বাগমারা থানাধীন গঙ্গা নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

রোববার দুপুরে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়,
চলতি বছরের ৪ এপ্রিল ২০২৫ তারিখে রাজশাহীর বাগমারা থানার অন্তর্গত রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক মারাত্মক সংঘর্ষ ঘটে। কথা কাটাকাটির একপর্যায়ে আমিনুল ইসলাম ওরফে আমিরুল নামে এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে রাজ্জাক প্রামাণিক নামের এক ব্যক্তিকে হত্যা করে।

স্থানীয় জনতা হত্যাকারী আমিনুলকে আটক করে রাখে। খবর পেয়ে বাগমারা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে হেফাজতে নেওয়ার প্রস্তুতি নেয়।

এসময় হঠাৎ করেই ১০০০-১২০০ জনের একটি উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। সরকারি কাজে বাধা প্রদান করে এবং একাধিক পুলিশ সদস্যকে আহত করে। পরে তারা পুলিশ হেফাজত থেকে আমিনুলকে ছিনিয়ে নিয়ে যায়।

এরপর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে, একই জনতা আমিনুলকে পিটিয়ে হত্যা করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এই নারকীয় ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ভীতি সৃষ্টি হয়।

উল্লেখিত ঘটনার পরদিনই বাগমারা থানায় পুলিশের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযুক্তরা দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে।

ঘটনার পর থেকেই র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং একাধিক আভিযানিক দল গঠন করে। গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় পরপর কয়েক দফায় অভিযান চালিয়ে:

২০ মে ২০২৫ থেকে ৯ আগস্ট ২০২৫ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়। এবং সর্বশেষ, এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ৪ অক্টোবর ২০২৫ তারিখে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অন্যতম প্রধান পলাতক আসামি মো. মোজাম্মেল হককে।

এই অভিযানে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‌্যাব-৪, সিপিসি-৩, মানিকগঞ্জ ক্যাম্প এর একটি যৌথ দল অংশ নেয়।

গ্রেফতারের পর মোজাম্মেল হককে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এই ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদেরও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বাগমারার এই চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের পুরো ঘটনা তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

বিপুল ভোটে হেরে গেলেন তাহেরী
রবিবার, অক্টোবর ৫, ২০২৫ ১০:৫৮
জামায়াত আমিরের জয়
রবিবার, অক্টোবর ৫, ২০২৫ ১০:৫৮
মামুনুল হককে হারিয়ে ববি হাজ্জাজের জয়
রবিবার, অক্টোবর ৫, ২০২৫ ১০:৫৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮