বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০২৫ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নিজ দেশের নাগরিককেই গুলি করে মেরে ফেলল বিএসএফ

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৩, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: এবার নিজ দেশের নাগরিককেই গুলি করে মেরে ফেলল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তে ভারতীয় বিএসএফের রাবার বুলেটে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার গোরকমণ্ডল সীমান্তের ৯২৯ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ৩ নম্বর সাব পিলারের পাশে শূন্য লাইন থেকে প্রায় ২শ গজ ভারতের অভ্যন্তরে ভারতীয় মরাকুটি ভোরাম পয়োস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন গোরকমণ্ডল বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্তে টহল জোরদার করে এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়।

পরে সকাল সাড়ে ৮টা থেকে সকাল ৯টা পর্যন্ত ওই সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে গোরকমন্ডল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফিরোজ এবং বিএসএফের পক্ষে ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন ভারবান্দা গিদালদহ ক্যাম্পের কমান্ডার গিরিশ চন্দ্র নেতৃত্ব দেন।

পতাকা বৈঠকের পর সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে ওই ভারতীয় চোরাকারবারির লাশ নিয়ে যায় বিএসএফ।

বিজিবি জানায়, নিহত ব্যক্তির নাম জাহানুর আলম (২৪)। তিনি ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার গিদালদহ এলাকার ভোরাম পয়োস্তি গ্রামের কবিদুল ইসলামের ছেলে।

সীমান্তবাসী জানান, বৃহস্পতিবার ভোরে একদল ভারতীয় চোরাকারবারি ওই সীমান্ত দিয়ে চোরাই মালের পোটলা নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। এ সময় ভারতীয় ভারবান্দা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ভারতীয় চোরাকারবারি জাহানুর রাবার বুলেটে বিদ্ধ হয়ে ঘটনাস্থলের এক জলাশয়ে পড়ে নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। এ সময় গোলাগুলির শব্দে গোটা সীমান্ত এলাকায় সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে বেলা ১১টার দিকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম ওই সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের কাছে প্রাপ্ত তথ্যে জানা যায়- ভোরের দিকে একদল ভারতীয় নাগরিক টহলরত বিএসএফ পোস্টে হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে বিএসএফ রাবার বুলেট নিক্ষেপ করলে এক ভারতীয় হামলাকারী নিহত হয়। বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই। তারপরও সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতি নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয় বিএসএফকে।

সর্বশেষ - আইন