Tuesday , 11 February 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সরকারি দপ্তরে ঘাপটি মারা ডেভিলদের আগে ধরুন: আব্বাস

প্রতিবেদক
sonynews
February 11, 2025 6:37 pm

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ডেভিল হান্ট অপারেশন করছেন ঠিক আছে। কিন্তু বনে জঙ্গলে ডেভিল না খুঁজে সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা ডেভিলদের খুঁজে বের করুন। সরকারি সব প্রতিষ্ঠানে এখনো আওয়ামী প্রেতাত্মারা বসে আছে। এরাই এই সরকারকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। যুগান্তর

মঙ্গলবার বিকালে রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহিদ মোস্তফা কামাল স্টেডিয়াম সংলগ্ন স্থানে ‘রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা বিএনপি এ সেমিনারের আয়োজন করে।

বিএনপির নির্বাচন চাওয়ার দাবির সমালোচনার জবাবে মির্জা আব্বাস বলেন, বিএনপি মানুষের ভোটাধিকারের জন্যই তো দেড় যুগ ধরে আন্দোলন করেছে। কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে- এটাতো নতুন দাবি নয়।

স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, আমরা আন্দোলন করেছি সংসদ নির্বাচনের জন্য, আর কেউ কেউ চাচ্ছেন স্থানীয় নির্বাচন দিতে। তারা জানেন না এখন গর্তে লুকিয়ে থাকা আওয়ামী ফ্যাসিস্টরা স্থানীয় নির্বাচনের ফাঁক ফোকর দিয়ে মাথা বের করবে। এটা অশুভ চক্রান্ত।

সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষকে স্বাগত জানিয়ে মির্জা আব্বাস বলেন, সতর্ক থাকতে হবে যেন কোনো ষড়যন্ত্র এ নির্বাচন বানচাল করতে না পারে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সভাপতির বক্তব্যে বলেন, ভবিষ্যতে ফ্যাসিস্ট শক্তির উত্থানের সম্ভাবনা বিলীন করতে সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে ৩১ দফার আলোকে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়তে হবে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ফ্যাসিস্ট হাসিনা এবং সহযোগীদের বিচার যেকোনো মূল্যে সম্পন্ন করার মাধ্যমেই তাদের অপরাজনীতি নির্মূল করতে হবে। আওয়ামী লীগ নাম দিয়ে আর কোনো দল রাজনীতি করার অধিকার রাখে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শামছুল হূদা, ইউনূস মৃধা, হারুন উর রশীদ হারুন, লিটন মাহমুদ, হাজী মনির হোসেন, সাইদুর রহমান মিন্টু, গোলাম হোসেন, ফরহাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ - আইন