রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে অনুষ্ঠিত সেমিনারে দ্রুত সময়ের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি জানানো হয়েছে। সরকারের গৃহীত এ প্রকল্প বাস্তবায়ন হলে তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষার মহাপ্রাচীর হিসেবে পরিচিত পাবে বলেও মন্তব্য করা হয়।
শনিবার রাজশাহী কলেজ মিলনায়তনে পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাবনা, উত্তর-রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন বারনই, হোজা ও বড়াল দখল ও দুষণমুক্ত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের সুধি সমাজ, শিক্ষক, কৃষিবীদ, নদী গবেষক, নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নেন। তারা এ অঞ্চলের কৃষি ও পদ্মা নদী বাচাতে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের জোর দাবি তুলেন। এছাড়া কেন পদ্মা ব্যারেজ এ অঞ্চলের জন্য অপরিহার্য সেসব বিষয় তুলে ধরা হয়।
এ সম্পর্কিত প্রবন্ধে বলা হয়, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার ও মেগা প্রতিশ্রুতি ছিল এই পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। সরকার গঠনের পর পরই রাজবাড়ীর পাংশায় এই প্রকল্পের প্রথম পর্যায়ের অনুমোদন দেওয়ার মাধ্যমে ইশতেহারের সেই অঙ্গীকার আজ বাস্তব রূপ নিতে যাচ্ছে। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, সরকারের নির্বাচনী ইশতেহারে পরিবেশ সংরক্ষণ, নদীভাঙন রোধ, কৃষি সেচের আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলের লবণাক্ততা দূরীকরণের যে সুস্পষ্ট রূপরেখা দেওয়া হয়েছিল, এই প্রকল্প তার সাথে শতভাগ সামঞ্জস্যপূর্ণ।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি উপস্থাপন করেন। মুল প্রবন্ধে যেসব দাবি উত্থাপন করা হয়-এগুলোর অন্যতম হলো, দেশের পানি সম্পদ খাতে মাইলস্টোন পদ্মা ব্যারেজ বাস্তবায়ন কাজে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
প্রকল্পের ১ম ফেজ কাজ বাস্তবায়ন শুরুর সাথেই ২য় ফেজ কাজ বাস্তবায়নের জন্য কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে করে সম্ভাব্যতা সমীক্ষায় সুপারিশকৃত সকল অঙ্গের কাজ যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়।
পদ্মা ব্যারেজ নির্মাণ পরবর্তী সময়ে বরেন্দ্র অঞ্চলের বিশেষ বিবেচনায় প্রয়োজনীয় প্রকল্প সমূহ যেমন-উত্তর-রাজশাহী সেচ প্রকল্প ও বড়াল অববাহিকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
বরেন্দ্র অঞ্চলে বিদ্যমান ব্যাক্তিমালিকানাধীন পুকুর, জলাশয়, দিঘি প্রয়োজনে সরকার অধিগ্রহণের মাধ্যমে তা জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে হবে। বরেন্দ্র অঞ্চলের উচ্চ পানি সংকটাপন্ন এলাকায় ভূগর্ভস্থ পানির স্তরের উচ্চতা স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনার ক্ষেত্রে রাষ্ট্রিয় পর্যায়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।
এছাড়া ব্যারেজ বাস্তবায়নে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিশেষত- কেন পদ্মা ব্যারেজ আমাদের জন্য অপরিহায, প্রকল্পের সুনির্দিষ্ট পরিসংখ্যান ও কারিগরি রূপরেখা, কৃষি, পরিবেশ ও অর্থনীতিতে এর বৈপ্লবিক প্রভাব এবং পদ্মা ব্যারেজের সাথে সমন্বয় ও নতুন সম্ভাবনা। এক্ষেত্রে বলা হয়, পদ্মা ব্যারেজ যখন রাজবাড়ীর পাংশায় বাস্তবায়িত হবে, তখন পদ্মা নদীর মূল প্রবাহে পানির উচ্চতা ও নাব্যতা বৃদ্ধি পাবে। এই পানির প্রবাহকে সরাসরি কাজে লাগিয়ে উত্তর রাজশাহী সেচ প্রকল্পের আওতায় রাজশাহী জেলার গোদাগাড়ী পয়েন্টে একটি শক্তিশালী ইনটেক স্ট্রাকচার ও সেন্ট্রাল পাম্প স্টেশন স্থাপন করা সম্ভব হবে।
প্রকল্পের আওতায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর প্রায় বিশাল এলাকার (যার তিন চতুর্থাংশ আবাদি জমি) খরাপ্রবণ অঞ্চলকে সেচের আওতায় আনতে মূল খাল, শাখা খাল এবং উপখাল মিলে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে বলেও প্রবদ্ধে উল্লেখ করা হয়।
প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের প্রতিটি ধুলিকণা, প্রতিটি জনপদ আর মানুষের হৃৎস্পন্দনের সাথে জড়িয়ে আছে নদীর চিরন্তন প্রবাহ। এদেশের মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি অধ্যায়ের সাথে নদী ওতপ্রোতভাবে জড়িত। জীবিকার পাশাপাশি শিল্প, সাহিত্য, লোকগান আর সংস্কৃতির মূল সুরটিও বাঁধা রয়েছে নদীর বাঁকে বাঁকে। আর এই নদীগুলোর মাঝে আমাদের ইতিহাস ও আবেগের এক বিশাল অংশ জুড়ে রয়েছে প্রমত্তা পদ্মা নদী। পদ্মা শুধু একটি জলধারা নয়, এটি বাঙালি জাতির লড়াই, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য প্রতীক।
প্রবন্ধে বলা হয়, পদ্মার পানির প্রবাহ ঐতিহাসিক স্তরের চেয়ে আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দেশের এক-তৃতীয়াংশ এলাকা সরাসরি মরুপ্রক্রিয়ার মুখোমুখি হয়েছে। ফারাক্কার একতরফা প্রভাবের কারণেই আজ গড়াই, বড়াল, মধুমতির মতো শাখা নদীগুলো শুকিয়ে যাচ্ছে।
এছাড়াও ব্যারেজটি চালু হলে তা সরাসরি জাতীয় জিডিপিতে ০.৪৫% অবদান রাখবে এবং প্রতি বছর দেশ প্রায় ৮ হাজার কোটি টাকার প্রত্যক্ষ আর্থিক সুবিধা লাভ করবে বলেও সমীক্ষা তুলে ধরা হয়। এছাড়া রাজশাহী ও বরেন্দ্র অঞ্চলে নতুন সম্ভাবনা হিসেবে পদ্মা ব্যারেজের মাধ্যমে বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে যে বিশাল জলরাশি সংরক্ষিত হবে, তা রাজশাহী বিভাগের নদী বিধৌত জেলাগুলোতে, বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের চিরকালীন খরা ও পানির স্তর নেমে যাওয়া থেকে রক্ষা করবে। মুল প্রবন্ধের ওপর আলোচনায় অন্তত ২০ জন অংশ নেন।
সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান। তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনৈতিক সুরক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বাপাউবোর অবসরপ্রাপ্ত মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক (অবসরপ্রাপ্ত) মো. মোতাহার হোসেন, পানি সম্পদ পরিকল্পনা সংস্থার প্রকৌশলী মো. জাহিদ বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রিয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা, অধ্যাপক মর্জিনা বেগম, বিএমডিএ’র প্রকৌশলী হারুন অর রশিদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন, নওগাঁর আত্রাইয়ের ফরিদুল আলম পিন্টু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, এনজিও ব্যক্তিত্ব আফজাল হোসেন, মফিজ উদ্দন সরকার প্রমুখ।
আলোচকরা পদ্মা ব্যারেজের সম্ভাবনা ও বাধার বিষয়গুলো তুলে ধরেন।
তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের অন্যতম শীর্ষ অগ্রাধিকার ও মেগা প্রতিশ্রুতি পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। এছাড়া প্রস্তাবিত পদ্মা ব্যারেজ প্রকল্পের মাধ্যমে বরেন্দ্রভূমির প্রাণরেখা উত্তর রাজশাহী সেচ প্রকল্প এবং মৃতপ্রায় বড়ালসহ অন্যান্য ক্ষুদ্র নদীগুলোর টেকসই পুনরুজ্জীবনের ওপর বিশেষভাবে আলোকপাত করেন।


















