স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী মজলিসে শূরার শপথ গ্রহণ অনুষ্ঠান আজ শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহন অনুষ্ঠানে সদস্যবৃন্দ আমানতদারিতা, জবাবদিহি, শৃঙ্খলা ও পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সাংগঠনিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম এবং মহানগরী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
শপথ গ্রহন অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, মজলিসে শূরার শপথ গ্রহণ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি সংগঠনের আদর্শ, নীতি ও কর্মসূচির প্রতি অবিচল আনুগত্য এবং অর্পিত দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার। শপথের মাধ্যমে শূরা সদস্যরা ব্যক্তিগত স্বার্থ, পদমর্যাদা ও দলীয় দায়িত্বের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন।

















