অনলাইন ডেস্ক: ব্যাংক হিসাবের নথি অনুযায়ী, ‘নিউরন নার্সিং কোচিং সেন্টার’-এর নামে পরিচালিত একটি ব্যাংক হিসাবে ২০২২ সালের ৩০ আগস্ট নগদ ৫০ লাখ টাকা জমা হয়। জমা হওয়ার পরপরই একই দিন ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।
কোচিং সেন্টারটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে সংশ্লিষ্ট লেনদেনের সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানা গেছে।
এদিকে, বিপুল অঙ্কের এই অর্থের উৎস ও স্থানান্তরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।
গত সোমবার (৯ নভেম্বর) ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের উপস্থিতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে। যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’
ঘটনার পরদিন মঙ্গলবার রাতে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় সাইফুল ইসলামের সঙ্গে সাবিহা আক্তারকে গোপনে বৈঠক করতে দেখা যায় বলে জানা গেছে।
অন্যদিকে, কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম দাবি করেন, সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটি নিয়েছিলেন। ওই ব্যক্তি সরাসরি সাবিহার হিসাবে টাকা না পাঠিয়ে তাঁর কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে নগদ অর্থ জমা দিয়ে সেখান থেকে সাবিহার হিসাবে পাঠানোর অনুরোধ করেন।
সাইফুলের ভাষ্য, ‘সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। সরাসরি না নিয়ে ওই তৃতীয় ব্যক্তির নগদ টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে সাবিহার হিসাবে পাঠাতে বলা হয়েছিল। আমি উপকার করতে গিয়ে এখন বিপদে পড়েছি।’
তবে সেই রহস্যময় তৃতীয় ব্যক্তির পরিচয় কিংবা কেন সরাসরি অর্থ স্থানান্তর না করে কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করা হয়েছিল, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি সাইফুল।
একজন পুলিশ সদস্যের ব্যক্তিগত ব্যাংক হিসাবে এ ধরনের বিপুল অঙ্কের অর্থ লেনদেনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির রাজশাহী জেলা সভাপতি আহমেদ সফিউদ্দিন বলেন, ‘পুলিশের ট্রাফিক বিভাগে নানামুখী দুর্নীতির কথা সবার জানা। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের অ্যাকাউন্টে এমন অস্বচ্ছ ও বিপুল অঙ্কের লেনদেনের পেছনে কী রয়েছে, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উন্মোচন করা অত্যন্ত জরুরি।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, কোনো প্রশাসনিক অভিযোগ না এলে ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে পুলিশ নিজস্ব উদ্যোগে তদন্ত শুরু করে না।
সব মিলিয়ে, ৫০ লাখ টাকা জমা, সেখান থেকে ৪৯ লাখ টাকা সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর, অর্থের কথিত তৃতীয় উৎস এবং সংশ্লিষ্টদের বক্তব্য—পুরো বিষয়টি ঘিরে বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে। এসব প্রশ্নের উত্তর পেতে লেনদেনের উৎস, উদ্দেশ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন।


















