রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে যুবদল নেতা মাজিদুল ইসলাম মিন্টুর হামলায় এক হার্ডওয়্যার ব্যবসায়ীর দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হলেও অভিযুক্ত প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
ভুক্তভোগী আল-আমিন আলী (৩২) সরদহ বাজারের ব্যবসায়ী। গত ২৬ এপ্রিল দোকানে বাকবিতণ্ডার জেরে প্রথমে হামলার শিকার হন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিন্টু ও তার সহযোগীরা আবারও হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে আল-আমিনের বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়।
ঘটনায় আল-আমিনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস আটজনের বিরুদ্ধে চারঘাট থানায় মামলা করেন। মামলায় মিন্টুসহ তার বোন ও দুই ভাগনেকেও আসামি করা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও তারা জামিনে মুক্ত হয়েছেন।
ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে, দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
চারঘাট থানার ওসি আব্দুল মালেক জানান, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





