স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে জামায়াত ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মোটরসাইকেল কেনাবেচা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা পৌনে আটটার দিকে নগরীর হেতেম খাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর দুই পক্ষের মধ্যে একটি মোটরসাইকেল কেনাবেচা নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং পরে ইট-পাটকেল নিক্ষেপের মাধ্যমে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে জড়িতদের মধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন আলহাজ্ব মো. মমিনুল ইসলাম মোনা এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন রাশেদুল হাসান পারভেজ। জানা যায়, পারভেজ রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক এবং মোনা অপর পক্ষের কর্মীদের সঙ্গে যুক্ত।
মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়া হবে বলে জানালেও তা না দেওয়ায় দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বাধে এবং ঘটনাস্থলে মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।
ঘটনার সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষ নিজ নিজ এলাকায় ফিরে যায়।
খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





