আব্দুস সাত্তার রানা: রাজশাহী সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ল্যাম্পপোস্টের লাইট স্বল্পতা ও অকার্যকারিতার কারণে রাতে চলাচলে সাধারণ মানুষকে নানামুখী দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিরোইল কলোনির মেডিকেল মোড় থেকে হাজরাপুকুর মোড় পর্যন্ত সড়কটিতে সন্ধ্যার পর অন্ধকার নেমে আসে। এতে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধও বাড়ছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
এমন পরিস্থিতিতে ব্যতিক্রমী এক দৃষ্টান্ত স্থাপন করলেন চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ মাহাফুজ মানিক। তিনি নিজ অর্থায়নে এলাকার ১০টি ল্যাম্পপোস্টে এনার্জি লাইট স্থাপন করেছেন, যা ইতোমধ্যেই সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়রা জানান, ঝড়-বৃষ্টিতে দীর্ঘদিন ধরে ল্যাম্পপোস্টের লাইটগুলো বিকল হয়ে পড়ে। বিষয়টি নিয়ে মানিকের কাছে গেলে তিনি ওয়ার্ড সচিবের সাথে কথা বলেন। সচিব জানান, সীমিত লাইটের কারণে সংশ্লিষ্ট এলাকা এখনো অন্ধকারেই রয়ে গেছে। তখনই সিদ্ধান্ত নেন নিজ উদ্যোগে আলো ফেরানোর।
লাইট স্থাপনের সময় উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা যুবদলের সিয়াম, রানা, ফরহাদ, সোহান; ১৯ নম্বর দক্ষিণ ছাত্রদলের সভাপতি নয়ন; বরেন্দ্র কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জিম; ছাত্রদল নেতা খালেদ ও সিফাত; স্বেচ্ছাসেবক দলের সদস্য রমজান, রাসেল, রাব্বি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মোঃ মাহাফুজ মানিক বলেন, “জনসাধারণের নিরাপত্তা ও সুবিধার জন্য রাজনীতি নয়, মানবিকতা থেকেই আমি কাজ করেছি। দলমত নির্বিশেষে যুবসমাজকে সমাজসেবায় এগিয়ে আসতে হবে। মাদক ও সামাজিক অপরাধ রোধে আমরা সবসময় সচেষ্ট থাকবো।”
এই উদ্যোগ প্রমাণ করে, রাজনৈতিক পরিচয় ছাড়াও তরুণরা চাইলে সমাজে বাস্তব পরিবর্তন আনতে পারে। মাহাফুজ মানিকের মতো তরুণদের অংশগ্রহণ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে।
তরুণরা সমাজের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। মাহাফুজ মানিকের এই উদ্যোগ সমাজসেবামূলক কাজের উজ্জ্বল দৃষ্টান্ত, যা দেশের অন্যান্য তরুণদেরও অনুপ্রাণিত করবে।




