• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

এমপি আয়েনের বিচারের দাবিতে রাস্তায় আ‘লীগ নেতা

প্রকাশ: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩ ৭:২৬

এমপি আয়েনের বিচারের দাবিতে রাস্তায় আ‘লীগ নেতা

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এমপি আয়েন উদ্দিনের বিচার চেয়ে বুকে প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন নির্যাতিত এক নেতা। তার নাম শ্রী সুরঞ্জিত সরকার (৪৩)।

প্রধানমন্ত্রীর কাছে এমপির বিচার চেয়ে বুধবার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান সুরঞ্জিত। বিকেল ৩টা পর্যন্ত তিনি সেখানেই ছিলেন।

ভুক্তভোগী সুরঞ্জিত সরকার জেলা আওয়ামী লীগের সদস্য ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের আগের কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়ে পরাজিত হন সুরঞ্জিত। এমপি আয়েন উদ্দিনই তাকে ফেল করিয়েছেন বলে সুরঞ্জিতের অভিযোগ।

সুরঞ্জিতের বুকে ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচার চাই। রাজশাহী-৩(পবা-মোহনপুর) এমপি আয়েন উদ্দিন ও তার দুলাভাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি কর্তৃক নির্যাতনের শিকার। ১. ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে নৌকার মনোনয়ন পেলে বিরোধিতা করে ফেল করানো। ২. এমপির ক্যাডার বাহিনী দিয়ে হামলা করে হত্যার চেষ্টা ও অর্ধপঙ্গু বানানো এবং ৩. ২০২১ সালে ইউনিয়ন নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে হিন্দু জাতি ধর্ম তুলে কটূক্তি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা। এই নির্যাতনের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি।’

সুরঞ্জিত সরকার বলেন, ‘এমপি আয়েন উদ্দিন ও তার দুলাভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম প্রকাশ্যে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাই আমি নৌকা পেয়েও ফেল করি। পরের নির্বাচনে নৌকার মনোনয়ন চাইলে এমপি আমাকে জাত-ধর্ম তুলে গালিগালাজ করেন।

এমপি তার ক্যাডার বাহিনী দিয়ে আমার ওপর হামলা করে। সেই হামলায় আমি প্রায় মারাই যাচ্ছিলাম। ভারতে গিয়ে চিকিৎসা করে কোনোরকমে বেঁচে আছি। এখনো বছরে কয়েকবার চিকিৎসা করতে যেতে হয়।’

সুরঞ্জিত আরো বলেন, ‘চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আমি একেবারে শেষ হয়ে গেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেই এমপি ও তার দুলাভাইয়ের বিচার চাই। তাই রাস্তায় দাঁড়িয়েছি।’

তিনি আরো বলেন, আগামী ২৯ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে জনসভায় আসবেন। আমি সেখানে গিয়ে প্রধানমন্ত্রীকে সব কথা বলবো।

এ ব্যাপারে এমপি আয়েন উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত। বরং তাকে (সুরঞ্জিত) চিকিৎসার জন্য আমি আর্থিক সহযোগিতা দিয়েছি। চিকিৎসার জন্য ভারতে পাঠিয়েছি। কেউ হয়তো তাকে দিয়ে এসব করাচ্ছে।

তিনি আরো বলেন, ‘সরঞ্জিতকে যারা নির্যাতন করেছে, সেই সময় থানায় মামলা হয়েছে। আসামিরা কে দেখেন। একটা পুকুর নিয়ে গণ্ডগোল করে মার খেয়েছে। এখন দায় চাপাচ্ছে আমার ওপর।’

আয়েন এমপি দাবি করেন, সরঞ্জিত দল থেকে বহিস্কৃত।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে আসবেন। তাই হয়তো এখন অভিযোগ করছে। অনেক দিন আগের ঘটনা, যে ঘটনার সাথে আমার কোনো প্রকার সম্পৃক্ততা নেই। সেই ঘটনা নিয়ে এখন আমার বিরুদ্ধে অভিযোগ করা উদ্দেশ্যপ্রণোদিত।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮