Monday , 16 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পবার পারিলায় ৫ কিলোমিটার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ

প্রতিবেদক
sonynews
November 16, 2026 1:14 pm

বিটুমিনের পরিমাণ কম, পা দিলেই উঠে আসছে পাথর; ঠিকাদারের স্বীকারোক্তি, তদারকি নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদের সামনে প্রায় ৫ কিলোমিটার সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। কিন্তু কাজ শেষ হতে না হতেই সড়কের বিভিন্ন স্থানে পাথর উঠে আসা, বিটুমিনের স্বল্পতা এবং নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সামান্য চলাচলেই সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। এ অবস্থায় আসন্ন বর্ষা মৌসুমের আগেই সড়কটি খানাখন্দে পরিণত হওয়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোর্ট বুলনপুর এলাকার ঠিকাদার ওয়াকিল এ কাজটি করেছেন। তবে কাজের মান নিয়ে শুরু থেকেই অসন্তোষ রয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, পাথরের সঙ্গে বিটুমিনের পরিমাণ এতটাই কম দেওয়া হয়েছে যে, সড়কে হাঁটাচলা করলেই পাথর আলগা হয়ে উঠে আসছে। কোথাও কোথাও হাতের স্পর্শেই কার্পেটিংয়ের অংশ খুলে আসার অভিযোগ করেছেন এলাকাবাসী।

কৃষিনির্ভর পারিলা ইউনিয়নের মানুষের কাছে সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পথ দিয়ে প্রতিদিন কৃষিপণ্য পরিবহনের পাশাপাশি বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। বিশেষ করে কৃষিপণ্য গ্রাম থেকে শহরে নেওয়ার ক্ষেত্রে সড়কটির ভূমিকা গুরুত্বপূর্ণ। স্থানীয়দের আশঙ্কা, কৃষিপণ্যবাহী যানবাহনের চাপ এবং ইটভাটার ভারী ট্রাক চলাচল শুরু হলে সড়কের বর্তমান অবস্থা আরও ভয়াবহ হবে। তখন এলজিইডির নির্মিত কার্পেটিংয়ের অস্তিত্ব খুঁজে পাওয়াও কঠিন হয়ে পড়বে।

পারিলা ইউনিয়নের বাসিন্দা মঞ্জুর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, “গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। কৃষকদের উৎপাদিত পণ্য যেন সহজেই গ্রাম থেকে শহরে নেওয়া যায়, সে জন্য সরকার রাস্তা নির্মাণ করছে। কিন্তু কিছু দায়িত্বহীন কর্মকর্তা ও ঠিকাদারের কারণে সরকারের এই উন্নয়ন উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে। কাজের মান ঠিকভাবে তদারকি করা হলে এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়। নিম্নমানের কাজের কারণে কিছুদিন পরপরই আমাদের ভোগান্তি পোহাতে হয়।”

তিনি আরও বলেন, “সরকারি অর্থে রাস্তা নির্মাণ হচ্ছে, অথচ কাজের মান নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে এই কাজের তদারকি করছেন কারা? সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতেন, তাহলে জনগণের এমন দুর্ভোগ হতো না।”

এ বিষয়ে পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ বলেন, “এ ধরনের নিম্নমানের কাজের বিরুদ্ধে অভিযোগ করেও অনেক সময় কোনো লাভ হয় না। এর আগেও স্থানীয়রা কাজের মান নিয়ে আপত্তি জানিয়ে কাজ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু তারপরও পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। ইউনিয়নের বিভিন্ন স্থানে নিম্নমানের রাস্তার কাজ হচ্ছে। এসব বিষয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।”

অভিযোগের বিষয়ে ঠিকাদার ওয়াকিল বলেন, “কার্যাদেশ পাওয়ার পর ১৫ দিনের মধ্যে আমরা কাজ সম্পন্ন করে হস্তান্তর করেছি। তবে কাজের জামানত দুই থেকে তিন বছর পর্যন্ত পড়ে থাকে। কাজ করতে গেলে কিছুটা ত্রুটি-বিচ্যুতি হতে পারে। মিস্ত্রিরা তেমন দক্ষ বা শিক্ষিত নন। তা ছাড়া কাজটি হাতের মাধ্যমে করায় কিছুটা অনিয়ম হতে পারে।”

তিনি আরও বলেন, “আমি বলব না যে শতভাগ কাজ করেছি। যেখানে অভিযোগ রয়েছে, সেখানে আমরা আবার কাজ করে দেব। এতে আমাদের কোনো সমস্যা নেই।”

ঠিকাদারের এমন বক্তব্যে সড়ক নির্মাণের কারিগরি মান, কাজের পদ্ধতি এবং তদারকির বিষয়টি নতুন করে সামনে এসেছে। বিশেষ করে কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের দক্ষতার সীমাবদ্ধতার কথা ঠিকাদার নিজেই উল্লেখ করায় নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ের প্রয়োজনীয়তা আরও জোরালো হয়েছে।

সড়ক নির্মাণকাজের মান নিশ্চিত করার দায়িত্ব সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার প্রকৌশল বিভাগের। অথচ কাজ শেষ হওয়ার পরপরই নিম্নমানের কাজের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট প্রকৌশলীদের তদারকি কতটা কার্যকর ছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে পবা উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। পরপর তিনবার ফোন করার পর তিনি ফোন রিসিভ করেন। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি ব্যস্ততার কথা জানিয়ে বলেন, “আপনার কাছে ফুটেজ থাকলে আমার হোয়াটসঅ্যাপে দেন।” এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

একটি সরকারি উন্নয়ন প্রকল্পের কাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগ ওঠার পর দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা, সরেজমিন পরিদর্শন কিংবা প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রত্যাশিত ছিল। কিন্তু অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা না পাওয়ায় সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের তদারকি ও জবাবদিহি নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

অন্যদিকে, রাজশাহী বিভাগের নির্বাহী প্রকৌশলী-১ মো. রোমাল হায়দার বলেন, “এ ধরনের অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। তবে আপনার কাছ থেকে বিষয়টি শুনলাম। আমরা তদন্ত করে দেখব।”

স্থানীয়দের প্রশ্ন, সরকারি অর্থ ব্যয়ে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সড়ক কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই যদি পাথর উঠে আসতে শুরু করে, তাহলে কাজের মান যাচাই এবং বিল পরিশোধের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের পরীক্ষা-নিরীক্ষা করেছে? কাজ বুঝে নেওয়ার সময় কারিগরি মান যাচাই করা হয়েছিল কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

শুধু ঠিকাদারের আশ্বাসে দায় শেষ করার সুযোগ নেই। অভিযোগের সত্যতা যাচাইয়ে সড়কটির সরেজমিন পরিদর্শন, নির্মাণের নমুনা সংগ্রহ, বিটুমিন ও পাথরের মিশ্রণের গুণগত মান পরীক্ষা এবং কার্যাদেশের নির্ধারিত শর্তের সঙ্গে বাস্তব কাজের তুলনা করা জরুরি।

সরকারি অর্থে নির্মিত সড়ক যদি কয়েক মাসের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে, তাহলে এর দায়ভার কে নেবে? নিম্নমানের কাজ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? আর তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে তাঁদের জবাবদিহির আওতায় আনা হবে কি না—এখন এসব প্রশ্নের উত্তর চান পারিলা ইউনিয়নের বাসিন্দারা।

উন্নয়নের নামে বরাদ্দ করা অর্থ যেন নিম্নমানের কাজের কারণে অপচয় না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

টিসিবির পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিককে পেটালেন কাউন্সিলর

নওগাঁয় বিদ্যুৎ লাইনের জন্য ৫ শতাধিক তালগাছের মাথা কাটল নেসকো

রুয়েটে কাফনের কাপড়, ৪ কর্মকর্তাকে আদালতে তলব

সমাপনী কুচকাওয়াজের প্রস্তুতি ৪৮০ জনের, অনশনে ৩২১

রাজশাহীতে জেলা বিএনপির নেতা আবু সাইদ চাঁদ গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মনোনয়ন যাচাইয়ে ঝরে গেলেন অর্ধেকের বেশি: রাজশাহীতে বৈধ ১৮

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তারপরও বহাল তবিয়্যতে

সাইবার ক্রাইমের অপরাধে রাজশাহীতে দুই পুলিশ আটক