বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে নতুন মোড়, দায়িত্ব পেলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে চলমান জটিলতার মধ্যে সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে সংগঠনটির নেতৃত্ব নিয়ে চলমান পরিস্থিতিতে নতুন মোড় তৈরি হয়েছে।
গত ১৫ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। একই সঙ্গে প্রশাসককে দায়িত্ব গ্রহণের পর ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন সম্পন্নের পর মন্ত্রণালয়কে অবহিত করতেও বলা হয়েছে।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ একটি লাইসেন্সপ্রাপ্ত ও নিবন্ধিত বাণিজ্য সংগঠন হলেও এর সার্বিক কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে না। চলমান সমস্যার কারণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭(১) ধারা অনুযায়ী সংগঠনটির সার্বিক কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে প্রতীয়মান হয়েছে।
আদেশে আরও বলা হয়, সংগঠনের চলমান সমস্যা দূর করে কার্যক্রম গতিশীল করতে বাণিজ্য সংগঠন আইন, ২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫ এবং সংগঠনের সংঘস্মারক ও সংঘবিধি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।
এর আগে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়। গত ৩০ অক্টোবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সংগঠনটির ২১টি পদে শান্তুনু-হেলাল পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষণাপত্র অনুযায়ী, সভাপতি পদে মো. মাহবুবুর রশীদ শান্তনু এবং সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম হেলাল নির্বাচিত হন। একই সঙ্গে সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সহসাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও কার্যনির্বাহী সদস্যসহ মোট ২১ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
তবে এ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠার পর বাণিজ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপের বিষয়টি সামনে আসে।
এর আগে গত ২৮ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা আরেক আদেশে রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে ২১ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করে নতুন নির্বাচনী তফসিল ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছিল।
রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সদস্য মো. আসাদুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই নির্দেশনা দেওয়া হয়। সেখানে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে ভোটার তালিকা হালনাগাদ এবং নিরপেক্ষ নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠনের কথা বলা হয়েছিল।
অভিযোগকারী আসাদুজ্জামানের দাবি ছিল, সাধারণ সভা না করে এবং বিগত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ছাড়াই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছিল। তিনি সংগঠনের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান।
অন্যদিকে, ২৯ অক্টোবর নির্বাচন কমিশন ২১ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। ফলে মন্ত্রণালয়ের নির্বাচন স্থগিতের নির্দেশ এবং নির্বাচন কমিশনের ফল ঘোষণাকে ঘিরে পরিস্থিতি আরও আলোচনায় আসে।
সর্বশেষ ১৫ নভেম্বরের অফিস আদেশে প্রশাসক নিয়োগের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালনা ও নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব প্রশাসনের হাতে দেওয়া হলো।
সংশ্লিষ্টদের মতে, আগামী ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ বাস্তবায়নই এখন প্রশাসকের প্রধান দায়িত্ব। নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলালের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁকে খুদেবার্তাও পাঠানো হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি ফোন রিসিভ করেননি এবং খুদেবার্তারও কোনো উত্তর দেননি।
এব্যাপারে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকারের বক্তব্যের জন্য একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


















