স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া ৩ লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আগে গ্রেপ্তার পাঁচজনের একজন মোজাম্মেল হকের ভাড়া বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে নগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়ায় অভিযান চালিয়ে একটি ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা খাকি কাগজের প্যাকেট থেকে ছয় বান্ডিলে ৩ লাখ টাকা উদ্ধার করে ডিবি পুলিশ।
এর আগে একই দিন ভোরে পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় একটি আইফোন, ৩০০ মার্কিন ডলার, নগদ ৮ হাজার টাকা, একটি ম্যাসেজ বেড, লাগেজ, প্লাস্টিকের বক্স ও চুরির কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুঠিয়া থানায় মামলা হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


















