সনি বাংলা ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কঠোর ও স্পষ্ট বার্তা দিয়েছেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। তিনি সাফ জানিয়েছেন, পূজা চলাকালে মদ্যপান করে কোনো ধরনের মাতলামি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না; এমন কর্মকাণ্ডে জড়ালে সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘাড়ে ধরে থানায় নিয়ে আসা হবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভায় দেওয়া তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সীমান্তবর্তী অঞ্চলের মাদক সংক্রান্ত ঝুঁকি তুলে ধরে সভায় পুলিশ সুপার বলেন, ‘ফেনী সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে মদ পাওয়া তুলনামূলক সহজলভ্য। তবে পূজার পবিত্রতা বা শান্তিশৃঙ্খলা নষ্ট করে কেউ যদি মদ খেয়ে নাচানাচি বা মাতলামি করে, তবে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুলিশ তাকে ঘাড়ে ধরে নিয়ে আসবে। আমাদের নিয়োজিত মেডিকেল টিমের কাছে নিয়ে গিয়ে পেট ওয়াশ করানো হবে এবং তাৎক্ষণিক যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


















