রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল অবৈধ মাদকদ্রব্য মনোড্রিল (Monodryl) ও দুটি মোটরসাইকেলসহ মোঃ সাব্বির হোসেন অনিক (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে উপজেলার মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাব্বির হোসেন অনিক চারঘাটের চক মোক্তারপুর গ্রামের মোঃ সোহরাব আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে মোক্তারপুর মন্ডলপাড়া গ্রামের গোলাম রুসুলের বাড়ির সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় সাব্বিরকে আটক করা হয়।
পরে তার ব্যবহৃত ১৫০ সিসি লাল-কালো পালসার ও ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল তল্লাশি করে দুটি বাদামি রঙের প্লাস্টিকের বস্তায় রাখা ৩৬০ বোতল মনোড্রিল উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান। এসআই মোঃ তাসেম আলীসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ আরও জানায়, এ সময় মোঃ রবিন, মোহাম্মদ জহিরুল ইসলাম, মোঃ টিটনসহ অজ্ঞাতনামা আরও একজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চারঘাট থানায় একটি, পলাতক রবিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি, জহিরুল ইসলামের বিরুদ্ধে চারঘাট থানায় একটি এবং টিটনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে।


















