স্টাফ রিপোর্টার: পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর মন্নুজান স্কুলের সামনে গরুর চাকার আদলে নির্মিত ফুটওভার ব্রিজে সামান্য ফাটল দেখা দিয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তুলে ধরা হলে তা রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নজরে আসে। সে প্রেক্ষিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন সরেজমিনে ফুটওভার ব্রিজটি পরিদর্শন করেন। এ সময় তিনি ব্রিজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফাটলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন এবং ফাটলটি দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর এবং উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


















