স্টাফ রিপোর্টার: বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই প্যাকেটজাত খাবার পানি উৎপাদন ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক তৈরির অভিযোগে রাজশাহীতে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মহানগরীর বিসিক শিল্প নগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ নবায়ন ছাড়াই ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার’ উৎপাদন ও বাজারজাতকরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় বিসিক শিল্প নগরীর রোজ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআই’র অনুমোদন ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ডেকোরেটেড কেক’ (জন্মদিনের কেক) উৎপাদন ও বিক্রির দায়ে একই এলাকার শোয়াইব সিফাত বেকারীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


















