চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। এরই ধারাবাহিকতায় এক গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করেছেন তিনি।
২০আগস্ট বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শিক্ষার্থীর হাতে এই শিক্ষা সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান শিক্ষার্থীটির পড়াশোনার খোঁজখবর নেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি জানান, মেধাবী অথচ আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীরা যেন টাকার অভাবে পড়াশোনার পথ থেকে ছিটকে না পড়ে, সে বিষয়ে উপজেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও গরিব ও মেধাবী শিক্ষার্থীদের এমন সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শিক্ষক সমাজ, সুশীল সমাজ ও সচেতন নাগরিকবৃন্দ। তাদের মতে, প্রশাসনের দায়িত্বশীল কোনো কর্মকর্তার এমন কল্যাণমুখী পদক্ষেপ শুধু একজন শিক্ষার্থীর পড়াশোনার পথকেই সুগম করবে না, বরং সমাজে অন্যান্য বিত্তবান ও গুণীজনদেরও মানবিক কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে।


















