স্টাফ রিপোর্টার: দেশের সরকারি মালিকানাধীন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারিকরণের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন। সংগঠনটির নেতারা বলেছেন, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারিকরণ করলে গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি পাবে এবং হাজার হাজার শ্রমিক-কর্মচারীর চাকরি ঝুঁকির মুখে পড়বে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি কাজী মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাম্প্রতিক বেসরকারিকরণ সংক্রান্ত প্রস্তাব দেশের বিদ্যুৎ খাতের জন্য অযৌক্তিক। তিনি দাবি করেন, সরকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে গত দুই দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ২০০২ সালে যেখানে সিস্টেম লস ছিল প্রায় ১৮ শতাংশ, বর্তমানে তা ৫ শতাংশেরও নিচে নেমে এসেছে। তাই বিদ্যমান ব্যবস্থাকে বেসরকারিকরণের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে বিদ্যুৎ খাত বেসরকারিকরণের অভিজ্ঞতা সব ক্ষেত্রে ইতিবাচক হয়নি। অনেক দেশে সেবার মান, বিনিয়োগ এবং মূল্য নিয়ন্ত্রণে জটিলতা সৃষ্টি হওয়ায় পুনরায় সরকারি ব্যবস্থাপনায় ফিরে আসতে হয়েছে বলেও দাবি করা হয়।
সংগঠনটির অভিযোগ, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারিকরণ করা হলে অতিমুনাফার প্রবণতা বাড়বে, বিদ্যুতের দাম বৃদ্ধি পাবে এবং এর প্রভাব সাধারণ ভোক্তা ও শিল্প খাতের ওপর পড়বে। পাশাপাশি বিদ্যুৎ খাতের শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়।
বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন সরকারের প্রতি কয়েকটি সুপারিশও তুলে ধরে। এর মধ্যে রয়েছে—বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সমন্বয় জোরদার, কোম্পানি পরিচালনায় অপ্রয়োজনীয় ব্যয় কমানো, বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে প্রয়োজনীয় সংস্কার, শূন্য পদে স্থায়ী জনবল নিয়োগ এবং আউটসোর্সিং নির্ভর নিয়োগ ব্যবস্থা বাতিল।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বিদ্যুৎ একটি মৌলিক জনসেবা। তাই এটিকে মুনাফাভিত্তিক বেসরকারি ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণেই পরিচালনা করা উচিত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন বিদ্যুৎ খাতের শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।