বুধবার , ১৫ জুলাই ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সাংবাদিকদের জন্য পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
sonynews
জুলাই ১৫, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার পরিবর্তিত বাস্তবতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে রাজশাহীতে তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ কর্মশালা বুধবার (১৫ জুলাই) সকালে রাজশাহীর সমাজসেবা অধিদপ্তরের সভাকক্ষে উদ্বোধন করা হয়। কর্মশালাটি চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আবদুল আউয়াল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডালিম হোসেন শান্ত। স্বাগত বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রবাহের গতি যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর কনটেন্ট দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। তাই একজন সাংবাদিকের দায়িত্ব শুধু তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ নয়; প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করাও সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এআই সাংবাদিকতার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তবে এর ব্যবহার হতে হবে নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত সততার সঙ্গে। ফ্যাক্ট চেকিং দক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকরা আরও নির্ভুল, বিশ্বাসযোগ্য এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশন করতে সক্ষম হবেন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবদুল আউয়াল বলেন, ডিজিটাল যুগে সাংবাদিকদের নতুন প্রযুক্তির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়া অপরিহার্য। এআই ব্যবহারের পাশাপাশি তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা এবং সাংবাদিকতার নৈতিক মূল্যবোধকে আরও শক্তিশালী করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তাঁর মতে, এ ধরনের প্রশিক্ষণ রাজশাহীর সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

কর্মশালায় জানানো হয়, রাজশাহীর কর্মরত সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে তাত্ত্বিক জ্ঞান এবং ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়াই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, ভুয়া ছবি, ডিপফেক ভিডিও এবং এআই-সৃষ্ট কনটেন্ট শনাক্ত ও যাচাইয়ের কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের বাস্তব অভিজ্ঞতা প্রদান করা হবে।

তিন দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এআই ও সাংবাদিকতার সম্পর্ক, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই ব্যবহার করে সংবাদ, ছবি ও ভিডিও কনটেন্ট তৈরি, গুগল ট্রেন্ডস, গুগল অ্যালার্ট, ডেটা বিশ্লেষণ, এআই-জেনারেটেড লেখা শনাক্তকরণ, ছবি ও ভিডিও যাচাই, ডিপফেক শনাক্তকরণ এবং সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।

প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করবেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, ঢাকা পোস্টের হেড অব নিউজ মিডিয়া আরিফুল ইসলাম আরমান, ফ্যাক্ট চেকার তাওহিদ আকবর এবং সংশ্লিষ্ট বিষয়ের অন্যান্য প্রশিক্ষক ও বিশেষজ্ঞরা।

আয়োজকদের মতে, প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি তথ্য যাচাইয়ের সংস্কৃতি জোরদার করা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি করাই এই কর্মশালার অন্যতম লক্ষ্য।

ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, বিকৃত ছবি ও ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এ বাস্তবতায় সাংবাদিকদের তথ্য যাচাই, ডিজিটাল টুল ব্যবহারে দক্ষতা এবং এআই প্রযুক্তির দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করতে দেশে বিভিন্ন সময়ে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সংখ্যালঘু ইস্যুতে ভারতের অভিযোগে যা বললেন ড. দেবপ্রিয়

সড়ক পরিবহন সমিতির মহাসচিব নির্বাচিত: নজরুল ইসলাম হেলালকে ১৩ নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

আরইউজে’র সভায় বক্তারা ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫

চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলালীগ নেত্রীদের নিয়ে জেলা প্রশাসনের দূর্নীতি বিরোধী দিবস পালন

চাঁদা না পেয়ে একই পরিবারের ৫ জনকে পেটালেন ছাত্রলীগ নেতা

রাজশাহীতে ইমাম হুসাইন (রাঃ) এর শাহাদাতের চল্লিশা বা চেহলাম বার্ষিকী পালিত

হাইওয়েতে সিএনজি চলাচল বন্ধে কঠোর বার্তা আরএমপি কমিশনারের

চীনে ১ হাজার বিড়ালসহ ট্রাক আটক, আসল কারণ জেনে আঁতকে উঠলেন সবাই

আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশ নিতে পারবে- কী বলছেন ড. ইউনূস