স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ১নং ওয়ার্ডের পীর সাহেব পাড়া এলাকায় জমজমাট আয়োজনে শুরু হয়েছে ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্ট। ঈদের দ্বিতীয় দিন এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। ডে-নাইট ফরম্যাটে আয়োজিত এ খেলা শেষ হবে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।
পীর সাহেব পাড়া যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে এলাকার তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজক কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মো. তৌসিফ, মো. কাজল, মো. টুটুল, মো. রনি, মো. নয়ন, মো. ইতি, মো. শিশির, মো. কনক এবং মো. অকিউল ইসলাম (পরশ)সহ আরও অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাদ ব্রিকের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. শরিফুল ইসলাম, তরুণ উদ্যোক্তা ও সমাজসেবক মো. অকিউল ইসলাম (পরশ), মো. রঞ্জু এবং পীর সাহেব পাড়া জামে মসজিদের ইমাম আলহাজ্ব নাজমুল হক দেওয়ান।
বক্তারা বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। তারা আরও জানান, গত ছয় বছর ধরে নিয়মিতভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
এ সময় বক্তারা রাজশাহী মহানগরকে একটি পরিচ্ছন্ন ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে স্থানীয় বাসিন্দা ও তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনের পরপরই ‘চাইল্ডহুড প্লেমেট’ ও ‘পীরসাহেব পাড়া অরিওস’ দলের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের খেলা শুরু হয়। পুরো আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।





