অকিউল ইসলাম পরশ: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১টায় নগরীর হেতেমখাঁ এলাকায় অবস্থিত নেসকোর প্রধান কার্যালয়ের সামনে “রাজশাহীর সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। রাজশাহীতে প্রতিষ্ঠিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অন্যত্র সরিয়ে নেওয়া হলে এ অঞ্চলের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকা উচিত। তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির আহ্বায়ক শামসুল হোসেন মিলু, রাজশাহী নেসকো শ্রমিকদলের সভাপতি শরিফুল ইসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসিবুল ইসলাম এবং বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির প্রচার সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।





