নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে সকল কার্যক্রম পণ্ড করে দিয়েছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তারা রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা মেরে বিক্ষোভ করে।
রবিবার (৩১ আগস্ট) সকালে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর নেতৃত্বে ছাত্রদলের নেতা-কর্মীরা রাকসু নির্বাচন কমিশন অফিসে ভাঙচুর চালায়, চেয়ার-টেবিল ভেঙে ফেলে এবং সেখানে তালা ঝুলিয়ে অবস্থান নেয়।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা যায়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে গত কয়েক দিন ধরে তারা আন্দোলন করছে। শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি, কিন্তু কর্তৃপক্ষ আমাদের দাবি মানছে না। তারা রাকসুর ফি দিয়েছে, কিন্তু ভোটার হতে পারছে না। এই বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
ছাত্রদলের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকরাও। ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক ও ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ভোটার তালিকায় প্রথম বর্ষ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতাদের অন্তর্ভুক্ত করা হয়নি। ছাত্রদল এই দাবিতে কর্মসূচি পালন করছে এবং আমরা তাদের দাবির সঙ্গে একমত।’
এদিকে, সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার মনোনয়নপত্র সংগ্রহ করতে এসে ছাত্রদল নেতা-কর্মীদের বাধার মুখে পড়েন এবং তালা মারা গেটের সামনে অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘আমরা উভয় পক্ষকেই সহনশীল থেকে কর্মসূচি পালনের অনুরোধ করেছি। আলোচনার মাধ্যমে একটি সমাধানের চেষ্টা চলছে।’ মনোনয়ন কার্যক্রম পণ্ড করে ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, কোনো বিষয়ে আপত্তি থাকলে তা শান্তিপূর্ণভাবে জানাতে পারে। কিন্তু নির্বাচন কার্যক্রম যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে আমরা চেষ্টা করছি।’
উল্লেখ্য, পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, রাকসু নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। রবিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।





