ইফতেখার আলম বিশাল: আজ ২০ সফর। শিয়া সম্প্রদায়ের নিকট এটা আরবাঈন বা চেহলুম/চেহলাম(চল্লিশা) এর দিন হিসেবে পরিচিত। মূলত হিজরি বছরের প্রথম মাস মহররমে পবিত্র আশুরা ও কারবালার ঘটনার ৪০ দিন পরে হিজরি বছরের দ্বিতীয় মাস সফরে এই আরবাঈন( চল্লিশা) পালন করে ১২ ইমামী শিয়া সম্প্রদায়। এর মাধ্যমে শিয়া সম্প্রদায়ের কারবালার ঘটনার স্মরণে শোক পালনের আনুষ্ঠানিকতার সমাপ্তি হয়ে থাকে। যথাযথ ধর্মীয় মর্যাদায় এই আরবাঈন পালন করেন শিয়া সম্প্রদায়ের লোকেরা।
শুক্রবার (৩০ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় রাজশাহী উপশহর শিয়া জামে মসজিদ ইমামবাড়ি থেকে মিছিলটি শুরু হয়। খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ মাতম তুলে দড়িখরবনা মোড়, কাদিরগঞ্জ, নিউমার্কেট, রেলগেট হয়ে ইমামবাড়ি গিয়ে শেষ হয়।
ঢাকা, খুলনা, সৈয়দপুর, যশোর, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আগত শিয়া সম্প্রদায়ের ৫ শতাধিক নারী-পুরুষ ও শিশু অংশ করে।মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহীনির কঠোর নিরাপত্তা দেখা গেছে। শোকের মিছিলে আংশগ্রহণের জন্য পরনে কালো পোশাক, মেয়েদের কালো বোরখা, মাথায় কালো পট্টি, কারও হাতে আবার ঝালর দেওয়া লাল–কালো ও সোনালি রংঙের ঝাণ্ডা দেখা গেছে।


















