ইফতেখার আলম বিশাল, রাজশাহী: রাজশাহীর সীমান্ত ও মহানগরীর পৃথক চারটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ১১৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ, ৫১ বোতল ইস্কাফ সিরাপ এবং ১ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ নভেম্বর) রাতে ও ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, রাত সাড়ে ৪টার দিকে চারঘাট উপজেলার মুক্তারপুর ফিশারিঘাট নদীর পাড়ে অভিযান চালায় ইউসুফপুর বিওপির একটি দল। এ সময় এক ব্যক্তিকে বস্তা মাথায় নিয়ে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা। তাঁকে ধাওয়া করলে বস্তাটি ফেলে পালিয়ে যান তিনি। পরে বস্তা তল্লাশি করে ১১৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ উদ্ধার করা হয়।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে দামকুড়া থানার বেড়পাড়া চৌরাস্তা মোড়সংলগ্ন জঙ্গলে অভিযান চালিয়ে ৫১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করে সোনাইকান্দি বিওপির টহল দল।
একই সময়ে দামকুড়া থানার হাজির বাতান এলাকায় অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে চরমাজারদিয়া বিওপির টহল দল।
এ ছাড়া রাত ১২টা ১০ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার জাহাজঘাট নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে আরও ৯৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে তালাইমারী বিওপির আভিযানিক দল।
বিজিবি জানায়, চারটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। এগুলো সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
মোট উদ্ধার:১১৮ বোতল মদ, ৫১ বোতল সিরাপ ও ১ হাজার ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।


















