স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গাঁজাসহ ২ কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক বিক্রির নগদ অর্থ ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ ১১ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানার লক্ষ্মীপুর আইডি বাগানপাড়া গ্রামের মো: রফিকুল ইসলামের স্ত্রী ও বাদলের মেয়ে মোছা: জলি বেগম (৪৪)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় জলি এবং একই গ্রামের মো: জয়দুল ইসলামের স্ত্রী ও মৃত আজগর আলীর মেয়ে মোছা: মিনা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃত জলি’র বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১,০৪৪ পিস ট্যাপেন্টাডল, ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪.৮ গ্রাম হেরোইন এবং ১ কেজি ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ১৫০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উল্লেখ্য, আসামি জলি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় পূর্বের ১৭টি মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি মিনা দীর্ঘদিন ধরে জলি’র সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


















