রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভারম্ভ হয়েছে। ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’-এর আয়োজনে এ বইমেলার আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় নগরীর বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এ আয়োজন করা হয়েছে। তারা জানান, এ বিশেষ দিনে ভাষার কারিগরদের একত্রিত করাই তাদের মূল উদ্দেশ্য। দুই দিনব্যাপী বই, কবিতা পাঠ ও সাহিত্য আড্ডার মধ্য দিয়ে অমর একুশে উদযাপন করা হবে।
মেলায় রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের বইয়ের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের লেখক ও প্রকাশকদের প্রকাশনা এবং কিছু দুর্লভ বইও প্রদর্শন করা হয়েছে।
দুই দিনব্যাপী এ বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনকালে ‘রাজশাহী রাইটার্স কালেকটিভ’-এর সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।





