রাজশাহী প্রতিনিধি: দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী মজুরি দিচ্ছে না রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এমন অভিযোগে শ্রমিকেরা বেতন বৃদ্ধি ও বকেয়া বেতনের দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন। বিক্ষোভ থেকে দ্রুত দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কাজ ফেলে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন রাজশাহী সিটি কর্পোরেশনের মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীরা। সেখানে তারা অভিযোগ করে বলেন, সিটি কর্পোরেশনে শ্রমিক কর্মচারীদের দৈনিক মজুরি ৪৮৪ কারও-বা ৪৯৪ টাকা মজুরি দেওয়া হয়। ফলে শ্রমিক-কর্মচারীরা মাস শেষে ১২ থেকে ১৪ হাজার টাকা পান, যা দিয়ে তাদের সংসার ও ছেলে মেয়েদের লেখাপড়া চালানো অসম্ভব হয়ে পড়েছে।
এ সময় প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবি ও বকেয়া বেতন দ্রুত পরিশোধ করার দাবিতে শ্রমিক-কর্মচারীরা নগর ভবনের প্রধান ফটক বন্ধ করে দেন। তাদের আন্দোলনে বিভিন্ন ওয়ার্ড কার্যালয়ে কর্মরত শ্রমিকেরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় সেখানে কালের কন্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি মো.নাঈম হোসেন তথ্য সংগ্রহ করতে গেলে তার কাজে বাঁধা দিয়ে হুমকি ও মারতে তেরে আসেন রাজশাহি সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মো: সানারুল ইসলাম ছবি।
সেখানে সাংবাদিকেরা তার পরিচয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন আমাকে ক্ষ্যাপিয়েননা বলেই তিনি সাংবাদিককে মারতে তেড়ে আসেন।
এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমকে কয়েকদফা ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তাই তার কোন বক্তব্য পাওয়া যায়নি।





