Saturday , 14 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খাদ্যগুদামে পদায়নে তদবির-বাণিজ্য ঠেকাতে লটারি, রাজশাহীতে নতুন দৃষ্টান্ত

প্রতিবেদক
sonynews
November 14, 2026 4:08 pm

নিজস্ব প্রতিবেদক: সরকারি খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) পদে পদায়ন ঘিরে দীর্ঘদিনের তদবির ও আর্থিক লেনদেনের অভিযোগ থেকে বেরিয়ে আসতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। ব্যক্তিগত যোগাযোগ কিংবা প্রভাবশালীদের সুপারিশের পরিবর্তে অনলাইন আবেদন, যোগ্যতা যাচাই ও লটারির মাধ্যমে কর্মকর্তা নির্বাচনের পদ্ধতি চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ উদ্যোগ পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তদবির-বাণিজ্যের সুযোগ কমাবে।

ইতোমধ্যে রাজশাহী বিভাগের কয়েকটি খাদ্যগুদামে নতুন পদ্ধতিতে কর্মকর্তা পদায়ন করা হয়েছে। গত ১ নভেম্বর রাজশাহীর নওহাটা এলএসডি এবং বগুড়ার বেতগাড়ী ও সারিয়াকান্দি এলএসডিতে লটারির মাধ্যমে যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচন করা হয়। পদায়ন পাওয়া কর্মকর্তাদের ভাষ্য, কোনো ধরনের তদবির ছাড়াই পছন্দের কর্মস্থলে দায়িত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, আগে ওসিএলএসডি পদে পদায়নের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশ ও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। কাঙ্ক্ষিত কর্মস্থলে পদায়ন পেতে খাদ্য পরিদর্শকদের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করতে হতো। এতে পদায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠত। এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই এবার আবেদন থেকে শুরু করে প্রার্থী নির্বাচন ও ফলাফল প্রকাশ পর্যন্ত পুরো প্রক্রিয়াকে নির্দিষ্ট নীতিমালার আওতায় আনা হয়েছে।

গত ১০ জুন রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব গ্রহণের পর এ উদ্যোগ নেন এস এম কায়ছার আলী। গত ৮ অক্টোবর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক অঙ্গীকারনামায় বদলি-বাণিজ্য বন্ধ এবং পদায়নে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, পদায়ন নিয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করা হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এরপর পদায়ন প্রক্রিয়াকে ব্যক্তিনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে আনতে বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সমন্বয়ে গঠন করা হয় একটি মূল্যায়নকারী কমিটি। আবেদনকারীদের যোগ্যতা যাচাই, নম্বর প্রদান ও চূড়ান্ত মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছে এ কমিটিকে। একাধিক প্রার্থী সমানভাবে যোগ্য বিবেচিত হলে লটারির মাধ্যমে একজনকে নির্বাচনের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রক্রিয়াটিকে সহজ ও ডিজিটাল করতে চালু করা হয়েছে www.mybodli.org ওয়েবসাইট। এর মাধ্যমে রাজশাহী বিভাগের ১২টি খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে পদায়নের কার্যক্রম শুরু হয়েছে। গত ৪ নভেম্বর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব পদে আগ্রহী ও যোগ্য কর্মকর্তাদের অনলাইনে আবেদন করতে বলা হয়। সংশ্লিষ্ট খাদ্যগুদামগুলোর ধারণক্ষমতা ৫০০ থেকে ৩ হাজার ৫০০ মেট্রিক টন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১১ নভেম্বর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের মধ্যে একাধিক যোগ্য প্রার্থী থাকলে লটারির মাধ্যমে একজনকে নির্বাচন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদের বিপরীতে যোগ্য খাদ্য পরিদর্শক আবেদন না করলে সংশ্লিষ্ট পদে খাদ্য পরিদর্শক পদায়নের ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রাজশাহী বিভাগের জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিজ্ঞপ্তিটি প্রচারের নির্দেশ দেওয়া হয়।

ওয়েবসাইটে পদায়ন প্রক্রিয়াকে ছয়টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথমে শূন্য পদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ, দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন ও কর্মস্থল পছন্দ, তৃতীয় ধাপে আবেদন যাচাই-বাছাই, চতুর্থ ধাপে মূল্যায়নকারী কমিটির নম্বর প্রদান ও চূড়ান্ত মূল্যায়ন, পঞ্চম ধাপে প্রতিটি এলএসডির বিপরীতে যোগ্য প্রার্থী নির্বাচন এবং ষষ্ঠ ধাপে ফলাফল প্রকাশের মাধ্যমে পদায়ন সম্পন্ন করা হচ্ছে।

নতুন পদ্ধতিতে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন পেয়েছেন রিয়াজুল হক। তিনি বলেন, ‘এত বড় একটি এলএসডিতে এত সহজে কোনো তদবির ছাড়াই পদায়ন পাব, তা কল্পনাও করতে পারিনি। তদবির ছাড়া পদায়নের এই ব্যবস্থা আগামীতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে।’

বগুড়ার সারিয়াকান্দি এলএসডিতে লটারির মাধ্যমে পদায়ন পাওয়া কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, ‘এভাবে লটারির মাধ্যমে পদায়ন হওয়ায় যোগ্য কর্মকর্তাদের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে। কোনো ধরনের তদবির ছাড়াই দায়িত্ব পেয়েছি। নতুন এই পদ্ধতি খাদ্য বিভাগের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করি।’

নাম প্রকাশ না করার শর্তে খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানান, অতীতে ওসিএলএসডি পদে পদায়নের ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সুপারিশ ও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। এসব কারণে দায়িত্ব গ্রহণের পর অনেক কর্মকর্তাকে অনৈতিক চাপের মুখে পড়তে হতো। তাঁদের মতে, নতুন পদ্ধতিতে যোগ্যতা যাচাই ও লটারির মাধ্যমে পদায়ন করা হলে ব্যক্তিগত প্রভাব বিস্তারের সুযোগ কমবে। একই সঙ্গে কর্মকর্তাদের মধ্যে যোগ্যতা অর্জনের প্রতিযোগিতাও বাড়বে।

উদ্যোগটির বাস্তবায়ন নিয়ে চাপের মুখে পড়ার কথাও জানিয়েছেন রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলী। তিনি বলেন, ‘একটি বিশাল শক্তির বিরুদ্ধে লড়াই করে আমাকে এগিয়ে যেতে হচ্ছে। তারা এখনো সক্রিয়। সম্প্রতি তিনটি এলএসডিতে স্বচ্ছভাবে পদায়নের ক্ষেত্রে আমি শতভাগ সফল। কোনো ধরনের চাপ আমি আমলে নিইনি। বাকি ১২টি এলএসডিতে পদায়নের ক্ষেত্রেও তারা চাপ প্রয়োগ করছেন।’

তিনি আরও বলেন, ‘আমি এই চেয়ারে থাকা অবস্থায় ওসিএলএসডি পদায়নে ন্যূনতম দুর্নীতি হতে দেব না। শক্তিশালী ওই সিন্ডিকেটকে শেষ পর্যন্ত বলেছি, লটারি পছন্দ না হলে একজোট হয়ে আপনারা আমাকে বদলি করে দেন। তদবিরের মাধ্যমে কাউকে খারাপ কাজের লাইসেন্স আমি দেব না।’

সার্বিক বিষয়ে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, ‘সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ বর্তমান সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা এটি। রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এমন ভূমিকা রাখলে অবশ্যই তা প্রশংসনীয়।’

সারা দেশে একই পদ্ধতি অনুসরণ করা হবে কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে সব ক্ষেত্রেই এই লটারি চালু হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তৃতীয় দফায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বাংলাদেশ থেকে মনোনয়ন পেল রাফির ‘খাঁচার ভেতর অচিন পাখি’

রাজশাহী নগরীতে একটি অদ্ভুত ও আকর্ষণীয় ব্যবসার পরিচয় পাওয়া গেছে: মাসে আয় এক লাখ ৭৫ হাজার টাকা

বিকাশ-নগদে প্রতারণা: রাজশাহীতে ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

রাসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন খোন্দকার আজিম আহমেদ

জাতীয় যুব হকির চূড়ান্ত পর্বে পটুয়াখালী ও যশোর

রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা

চার মাস পর চাল আমদানি শুরু: ৩১৫ মেট্রিক টন চাল প্রবেশ করেছে বেনাপোল স্থলবন্দরে

রাজশাহীতে জনি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

আরএমপির পৃথক অভিযানে নারীসহ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার