Monday , 12 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিশ্বব্যাংকের রিপোর্ট: ভারতের ধনীরাও উন্নত দেশের গরিবদের চেয়ে পিছিয়ে

প্রতিবেদক
sonynews
October 12, 2026 3:15 pm

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে দিনে যে টাকাটা খরচ করলে ধনীতম ১০ শতাংশের এক জন বলে গণ্য হওয়া যায়, আমেরিকা বা ইউরোপের একাধিক দেশে সেই টাকা খরচ করলে দরিদ্রতম ১০ শতাংশের এক জন হতে হয়।

এ দেশে ‘ধনী’ বলে গণ্য হন এমন মানুষের রোজগার আমেরিকা, কানাডা, জার্মানির মতো দেশের গরিব মানুষের থেকেও কম! চমকে দেওয়ার মতো এই তথ্যটি দিয়েছে বিশ্বব্যাঙ্ক। তাদের ২০২৬ সালের ‘দারিদ্র্য ও অসাম্যের মঞ্চ’ (‘পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি প্ল্যাটফর্ম’ বা পিআইপি)-এর সাম্প্রতিক রিপোর্টে।

ভারতে মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত রোজগার করলে কোনও আয়কর দিতে হয় না। কিন্তু আর্থিক সমীক্ষা বলছে, মাসে ৮০ হাজার টাকা রোজগার করলেই দেশের ১০ শতাংশ ধনীর তালিকায় আপনার নাম উঠে যাবে। অর্থাৎ, বাকি ৯০ শতাংশের রোজগার মাসে ৮০ হাজার টাকার কম। বিশ্বব্যাঙ্কের সমীক্ষা বলছে, ভারতের ১০ শতাংশ ধনীর তালিকায় সর্বনিম্ন স্তরে যাঁরা আছেন, তাঁদের পরিবারে মাথাপিছু দৈনিক ব্যয়ের পরিমাণ ১০ ডলারের মতো। আমেরিকায় খরচের পরিমাণ ২৫ ডলার, জার্মানি ও অস্ট্রেলিয়ায় ২৮ ডলার, কানাডায় আরও বেশি ৩১ ডলার।

ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের প্রোগ্রাম অ্যাসোসিয়েট অহনা দত্তগুপ্ত এনডিটিভি-কে বলেছেন, ভারত যে দারিদ্রের থেকেও গভীর একটা সমস্যায় জড়িয়ে রয়েছে, এই তুল্যমূল্য বিচারটা সে দিকেই ইঙ্গিত করে। সেটা হল, গোটা অর্থব্যবস্থা জুড়ে কম রোজগারের সমস্যা। ভারতে দিনে যে টাকাটা খরচ করলে ধনীতম ১০ শতাংশের এক জন বলে গণ্য হওয়া যায়, আমেরিকা, কানাডা বা ইউরোপের একাধিক দেশে সেই টাকা খরচ করলে আপনি দরিদ্রতম ১০ শতাংশের এক জন বলে বিবেচিত হবেন।

আমেরিকায় ১০ শতাংশ ধনীর তালিকায় প্রবেশাধিকার পেতে আপনাকে দৈনিক ১৭৩ ডলার খরচ করতে হবে। কানাডা ও অস্ট্রেলিয়ায় খরচ করতে হবে ১২৯ ডলার! জার্মানিতে ১২৮ ডলার। ফলে ভারতের ‘ধনী’ পরিবারের জীবনযাত্রার মান ওই সব দেশের ধনীদের জীবনযাত্রার মানের ধারেকাছেও আসে না। অহনার মতে, ভারতে দরিদ্র মানুষদের জীবনযাত্রার মান উন্নত করা দরকার। কিন্তু শুধু সেটা করলেই দেশের সমৃদ্ধি আসবে না। দরিদ্রদের জীবনযাত্রার মান সম্পন্ন পরিবারগুলির স্তরে তুলে নিয়ে গেলেও সেটা ধনী দেশগুলির তুলনায় অনেকটা খারাপই থেকে যাবে। ফলে শুধু ধনী ও দরিদ্রের মধ্যে ফারাক ঘোচানোর দিকে নজর না-দিয়ে সামগ্রিক ভাবে আয় এবং উৎপাদনশীলতা বাড়ানোর দিকেও নজর দেওয়া দরকার, অভিমত অহনার। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, তাঁর ১০ বছরের শাসনকালে প্রায় ২৫ কোটি মানুষ দারিদ্রের কবল থেকে বেরিয়েছেন। গত বছর প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের সদস্য শমিকা রবি দাবি করেছিলেন, মোদীর জমানায় ৩০ কোটি মানুষ দারিদ্র-মুক্ত হয়েছেন।
কিন্তু দেশের সমৃদ্ধির সঙ্গে যে দারিদ্রমুক্তির কোনও সম্পর্ক নেই, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট সে দিকেই ইঙ্গিত করছে। অহনার মতে, একমাত্র উৎপাদনশীলতা বাড়ালেই সেই পথে যাত্রা করা সম্ভব। সে ক্ষেত্রে একই পরিমাণ জমি, পুঁজি এবং শ্রমকে কাজে লাগিয়ে আরও বেশি উৎপাদন করা যাবে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে রোজগার বাড়বে, উচ্চ আয়ের কাজের সুযোগও তৈরি হবে। আর সে জন্য চাই উদ্ভাবনী শক্তি, সহজে ব্যবসা করা এবং সেটা সম্প্রসারণের সুযোগ, যুক্তিসঙ্গত করকাঠামো, বলছেন অহনা।

সর্বশেষ - আইন