রাজশাহী প্রতিনিধি: আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষ্যে পদ্মা, বারনই ও বড়াল নদীসহ দেশের সকল নদ-নদী দখল-দূষণমুক্ত করা এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করার দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩:৩০ মিনিটে মহানগরের সাহেববাজার জিরো পয়েন্টে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস, রাজশাহী বিভাগ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে গ্রীন ভয়েসের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের সহ-সমন্বয়ক আব্দুর রহিম এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে রাজশাহীর নদ-নদী দখল ও দূষণের চিত্র তুলে ধরেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং অধ্যাপক ড. কনক আমিরুল ইসলাম। তিনি বলেন, “রাজশাহীর বুক চিরে একসময় অসংখ্য নদী বয়ে যেত, যা আজ শুধু ইতিহাস। সঠিক রক্ষণাবেক্ষণের অভাব, দখলদারদের আগ্রাসন এবং নির্বিচারে বর্জ্য ফেলার কারণে রাজশাহীর অনেক নদী মানচিত্র থেকে হারিয়ে গেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিবেশের বিপর্যয় ঠেকানো যাবে না।”
গ্রীন ভয়েস কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আহসান হাবিব নদী দখল ও দূষণ রোধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নদী রক্ষার জন্য তরুণ সমাজ চুপ করে বসে থাকবে না। যদি অবিলম্বে নদীখেকোদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া না হয়, তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তোলা হবে।” একই সাথে তিনি আগামী ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা জলচুক্তি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে নবায়নের জোর দাবি জানান।
উক্ত কর্মসূচির সভাপতি আব্দুর রহিম তার বক্তব্যে আন্তর্জাতিক নদী দিবসে এমন মানববন্ধন করার কারণ উপস্থাপন করেন। পদ্মা নদী রক্ষার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মাহিন আলম তিনি নদী রক্ষার গুরুত্ব তুলে ধরেন। সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি আরিফ ইসলাম, রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া, সাধারণ সম্পাদক আশিক এবং সাবেক সভাপতি নাহিদ। বক্তারা দেশের যুবসমাজকে নদী রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী জেলা শাখার সাধারণ সদস্যবৃন্দ ছাড়াও নগরীর সর্বস্তরের সচেতন বাসিন্দারা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।


















