রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমন আলী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার শাহমখদুম থানা পুলিশের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ইমন আলী শাহমখদুম থানার ভুগরইল মধ্যপাড়া এলাকার মো. হোসেন আলীর ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে ইমন আলীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে পাঁচ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্যাপেন্টাডল রাখার অপরাধে ইমন আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


















