রবিবার , ৯ আগস্ট ২০২৬ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সিল্কসিটির এসি কামরায় ওঠায় বৃদ্ধাকে ধাক্কার অভিযোগ, সিসিএমের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদক
sonynews
আগস্ট ৯, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: আব্দুলপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের এসি কামরায় ওঠাকে কেন্দ্র করে এক বৃদ্ধা যাত্রীকে ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) আহসানুল্লাহ ভুঞার বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর বিভাগীয় তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী রেল ভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগী মোসা. জান্নাতুল ফৌরদসি (৩৮) অভিযোগ করেন, গত ৭ আগস্ট তাঁর ৭০ বছর বয়সী শাশুড়ি মনোয়ারা বেওয়াসহ পরিবারের পাঁচজন ঈশ্বরদী থেকে মহানন্দা ট্রেনের টিকিট কেটে যাত্রা করেন। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকায় তাঁর অসুস্থ ও বয়স্ক শাশুড়িকে নিয়ে আব্দুলপুর পর্যন্ত দাঁড়িয়ে আসতে হয়।

জান্নাতুল ফৌরদসির ভাষ্য, আব্দুলপুর স্টেশনে পৌঁছানোর পর তাঁরা সিল্কসিটি ট্রেনটি দাঁড়িয়ে থাকতে দেখেন। অসুস্থ বৃদ্ধাকে নিয়ে মহানন্দা ট্রেনে উঠতে না পারায় তাঁরা পরবর্তী সময়ে সিল্কসিটির এসি কামরায় ওঠেন। ট্রেনটি আব্দুলপুর স্টেশন ছাড়ার পর কর্তব্যরত সিসিএম আহসানুল্লাহসহ কয়েকজন টিটিই, গার্ড ও অ্যাটেনডেন্ট তাঁদের কাছে গিয়ে টিকিট দেখতে চান এবং এসি কামরায় ওঠার কারণ জানতে চান।

ভুক্তভোগীর অভিযোগ, তাঁরা মহানন্দা ট্রেনের টিকিট কেটেছেন এবং অতিরিক্ত ভিড়ের কারণে ওই ট্রেনে উঠতে পারেননি—এ কথা জানালে তাঁদের কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়। এরপর তাঁদের এসি কামরা থেকে নামিয়ে দেওয়া হয়। একপর্যায়ে সিসিএম আহসানুল্লাহ তাঁর শাশুড়িকে ধাক্কা দিয়ে বের করে দেন বলেও অভিযোগ করেন তিনি।

জান্নাতুল ফৌরদসি বলেন, এ সময় তিনি সিসিএমকে বলেন, ‘স্যার, আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে এ ধরনের আচরণ করা ঠিক হয়েছে?’ তখন সিসিএম তাঁকে এসি কামরায় ওঠার কারণ এবং এসি কামরার ভাড়া সম্পর্কে প্রশ্ন করেন বলে তাঁর অভিযোগ।

এ ছাড়া ট্রেনের একজন অ্যাটেনডেন্ট তাঁদের উদ্দেশে সিসিএমের প্রভাবের কথা বলে ভয়ভীতি দেখিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।এছাড়াও তাঁর জ্যা মোসা. ঝুমুর আক্তারকেও ধাক্কা দেওয়া হয় বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

ঘটনার পর জান্নাতুল ফৌরদসি তাঁর স্বামীকে ফোনে বিষয়টি জানান। সিল্কসিটি ট্রেনটি রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাঁর স্বামী মো. আবুল হোসেন ও মো. বাবু (৫২)সহ কয়েকজন সেখানে যান। এ সময় সিসিএমের সঙ্গে থাকা এবং স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয় বলে জানা গেছে। এতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর তাঁরা বিষয়টি পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএমকে অবহিত করেন। তখন তাঁদের ৯ আগস্ট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই আশ্বাসের পরই রোববার জিএমের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধন চলাকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ তাঁর কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় মানববন্ধনকারীরা তাঁকে তাঁদের কথা শোনার অনুরোধ জানালেও তিনি কার্যালয়ে চলে যান। পরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর চারজন প্রতিনিধিকে তাঁর দপ্তরে ডেকে নিয়ে তাঁদের বক্তব্য শোনেন জিএম।

প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় জিএম ফরিদ আহমেদ বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশনে সিসিএমের পরিবারের সদস্যদের সামনে তাঁদের লোকজন গায়ে হাত তুলেছেন—এ অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি এখন আইনের মাধ্যমে নিষ্পত্তি হবে। এ বিষয়ে রেল মন্ত্রণালয় ও রেলওয়ের মহাপরিচালকও অবগত আছেন। তাঁর ভাষ্য, ফৌজদারি মামলা হওয়ার পর এ বিষয়ে তাঁর এককভাবে কিছু করার সুযোগ নেই।

এদিকে এ ঘটনায় সিসিএম আহসানুল্লাহ বাদী হয়ে রাজশাহী জিআরপি থানায় মামলা করেছেন। জিআরপি থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ৭ আগস্টের ঘটনায় সিসিএম বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটির নম্বর ০১ এবং তারিখ ৮ আগস্ট ২০২৬। অপর পক্ষের যাত্রীরাও অভিযোগ করেছেন। বিষয়গুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তাঁরা সিসিএমের বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেও সেটি মামলা হিসেবে নেওয়া হয়নি। বিপরীতে সিসিএমের অভিযোগ দ্রুত মামলা হিসেবে নেওয়া হয়েছে। এ নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন।

মানববন্ধন থেকে ভুক্তভোগীরা সিসিএম আহসানুল্লাহর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে বক্তব্য জানতে সিসিএম আহসানুল্লাহকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম ফরিদ আহমেদ বলেন, ‘যেহেতু ফৌজদারি আইনে মামলা হয়েছে, তাই আইন আইনের গতিতে চলবে। তবে কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বিষয়টি যাচাই করে দেখবে।’

অভিযোগ, পাল্টা অভিযোগ এবং মামলা—সব মিলিয়ে আব্দুলপুর থেকে রাজশাহীগামী সিল্কসিটি ট্রেনের এসি কামরায় ওঠাকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনাটি এখন তদন্তের অপেক্ষায়। ভুক্তভোগী পরিবার যেখানে রেল কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে বিভাগীয় তদন্ত দাবি করছে, সেখানে সিসিএমের করা মামলারও তদন্ত চলছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মেয়েকে বিয়ে না দেওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা

খাদ্য বিভাগের ১৪০ বস্তা চাল গায়েব, ‘ধামাচাপায়’ ইউএনও

সাফজয়ী মাছুরা বাড়ি ফিরে পেলেন সংবর্ধনা-নগদ অর্থ

সাফজয়ী মাছুরা বাড়ি ফিরে পেলেন সংবর্ধনা-নগদ অর্থ

যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা চেরি

স্বৈরাচার আ’লীগ যেনো আর ফিরে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অনুষ্ঠানে বক্তারা

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা এমপি আয়েনের

শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান মিজানুর রহমান মিনুর

বোয়ালিয়ায় ১০ লাখ টাকা ছিনতাই মামলায় তৃতীয় আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে নায়িকা শিলাকে ভক্তের চুমো