রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজনই স্বামী-স্ত্রী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় শাহমখদুম থানার কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান।
তিনি জানান, বুধবার গভীর রাতে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে গোপন তথ্য আসে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুত রেখে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। তথ্য পাওয়ার পর পুলিশ কমিশনার তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন এবং পুরো অভিযানের তদারকি করেন।
পরে পুলিশ কমিশনারের নির্দেশনায় এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়ি ও শাহমখদুম থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। রাত আনুমানিক পৌনে ৩টার দিকে শাহমখদুম থানার ভাড়ালীপাড়া এলাকায় শহীদ জিয়া পার্কের ১ নম্বর গেটের বিপরীতে আব্দুল কুদ্দুসের বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।
অভিযানে এয়ারপোর্ট থানার ভোলাবাড়ী গ্রামের বাসিন্দা মো. আলামিন ইসলাম (৩২) ও তার স্ত্রী মোছা. সানজিদা আক্তার নিশি (২৮)-কে গ্রেপ্তার করা হয়। তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৯৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার হওয়া দুজন দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এছাড়া আলামিন ইসলামের বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানানো হয়।
অভিযানটির নেতৃত্ব দেন বায়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মহিউদ্দিন সোহাগ।
গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


















