রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর শাহমখদুম থানার ১৭ নম্বর ওয়ার্ডের বড় বনগ্রাম এলাকায় একটি পুকুর অবৈধভাবে ভরাটের অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুকুরটি পুনঃখননের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় নগরীর আমচত্বরে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বড় বনগ্রাম এলাকার বাসিন্দা ও শাহমখদুম থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মামুন হাসান মিলন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আলমাস, ইমরান ও ওয়াহিদ নামে তিন ব্যক্তি দেশের প্রচলিত আইন উপেক্ষা করে বড় বনগ্রাম মৌজার (জে এল নং-৮২) প্রায় দেড় বিঘা আয়তনের একটি ঐতিহ্যবাহী পুকুর ভরাট করেছেন। নতুন বাস টার্মিনাল এলাকার অদূরে প্রধান সড়কের পাশে অবস্থিত পুকুরটি ভরাটের সময় স্থানীয়রা বাধা দিলেও তা উপেক্ষা করে রাতের আঁধারে ভরাট কার্যক্রম চালানো হয় বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পুকুর ভরাট বন্ধের দাবিতে গত ২ ও ৩ জুন শাহমখদুম থানা, জেলা প্রশাসক এবং বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার সুযোগে পুকুরটি সম্পূর্ণ ভরাট করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা দাবি করেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০ ও ২০২৩) এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ অনুযায়ী প্রাকৃতিক জলাধার ভরাট দণ্ডনীয় অপরাধ। এরপরও প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটায় তারা উদ্বেগ প্রকাশ করেন।
সংবাদ সম্মেলন থেকে পুকুর ভরাটের ঘটনায় নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জলাধারটি পুনঃখননের দাবি জানানো হয়। একই সঙ্গে ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা।