অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সীমান্ত দিয়ে ফের নারী-শিশুসহ ৫ জনকে পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
অপরদিকে একই সময়ে জেলার জীবননগর সীমান্ত দিয়ে দুইজন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান এক বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার ভোরে দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত পিলার ৭৬/৪-এস পিলারে অবস্থিত গেট দিয়ে প্রতিপক্ষ ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের মাধ্যমে ১ জন পুরুষ, ৩ জন মহিলা ও একজন শিশুসহ মোট ৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এ সময় ওই ৫ জন বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবি টহল দলের নজরে আসে। বিজিবি টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে এবং সীমান্তবর্তী কাঁটাতারের বেড়াসংলগ্ন এলাকায় অবস্থান করতে বাধ্য করে। পরবর্তীতে বিএসএফ ওই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।
অপরদিকে একই সময়ে জীবননগর সীমান্ত দিয়ে দুইজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখেন স্থানীয়রা। বিএসএফের ঠেলে দেওয়া খুলনা জেলার দুই ভাই আমিনুর রহমান ও খলিলুর রহমানের দাবি, দুই বছর আগে কাজের সন্ধানে ভারতে যান তারা।
বৃহস্পতিবার সকালে মোট সাতজনকে ঠেলে দেয় বিএসএফ। বাংলাদেশে ঢোকার সময় বিজিবি বা পুলিশের সঙ্গে দেখা হয়নি তাদের। বাকি ৫ জন কোথায় গেছেন, সেই বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।
এ ব্যাপারে মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল রফিকুল আলম জানান, পুশইন সংক্রান্ত তথ্য ৫৮-বিজিবির কাছে নেই। এমনকি তারা দুইজন পাটোয়ারি নামে যে সীমান্ত পয়েন্টের কথা বলছেন- সেই নামে কোনো সীমান্ত জীবননগরের আশপাশে নেই। বিষয়টি যাচাই-বাছাই চলছে।