রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর শিরোইল কলোনিতে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন একদল সমাজসেবী ও তরুণ স্বেচ্ছাসেবক। তাদের সার্বিক সহযোগিতায় এক প্রতিবন্ধী শিশুর হাতে তুলে দেওয়া হয়েছে একটি হুইল চেয়ার। এ উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসার জোয়ার বইছে।
জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক দীর্ঘদিন ধরে নিরবে-নিভৃতে অসহায়, দরিদ্র, এতিম ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তিনি নিয়মিতভাবে মসজিদ, মাদ্রাসা এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছেন। কোনো প্রচার-প্রচারণা ছাড়াই তার এসব মানবিক কর্মকাণ্ড ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয়রা জানান, ওই যুবক একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবসেবাকেই প্রাধান্য দিয়েছেন। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে তিনি সমাজে ইতিবাচক পরিবর্তনের উদাহরণ সৃষ্টি করেছেন। তার এমন উদ্যোগে অনেক তরুণ নতুনভাবে জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছেন।
এ মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এলাকার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর “দুলাল টিম”-এর সদস্যরাও। তারা দেশ-বিদেশে অবস্থানরত সমাজসেবী ও হৃদয়বান মানুষের কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করে তা অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। তাদের উদ্যোগে চিকিৎসা সহায়তা, খাদ্যসামগ্রী বিতরণ, প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। একইসঙ্গে তরুণদের এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





