নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর মেধাবী শিক্ষার্থী সাঈদ ইবনে ত্বাকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। বিশ্বের ৭১টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ইংরেজি ভাষার বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
এ উপলক্ষে বুধবার (১৮ জুন) রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাঈদ ইবনে ত্বাকি। এ সময় প্রশাসক তার উজ্জ্বল ভবিষ্যৎ, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য এবং দেশের জন্য গৌরব বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।
জানা গেছে, আগামী ২১ থেকে ২৫ জুন ইংল্যান্ডের London শহরে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন (আইইএলসি)। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত ১১ জন শিক্ষার্থীর মধ্যে রাজশাহী বিভাগের একমাত্র প্রতিনিধি সাঈদ ইবনে ত্বাকি।
সাঈদ ইবনে ত্বাকি রাজশাহী মহানগরীর হেতেমখা শাহাজীপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির সন্তান। তিনি বর্তমানে Rajshahi Masjid Mission Academy-এর দশম শ্রেণির শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ত্বাকি রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। তাঁর এই অসামান্য কৃতিত্বের ভিত্তিতেই আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত বাংলাদেশের ১১ সদস্যের দলে স্থান লাভের পাশাপাশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার গৌরব অর্জন করেছেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এ অর্জনকে রাজশাহীর জন্য অত্যন্ত গৌরবের বলে উল্লেখ করেন। তিনি বলেন, “সাঈদ ইবনে ত্বাকির এই সাফল্য রাজশাহীর শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা আশা করি, আন্তর্জাতিক মঞ্চে সে দেশের মুখ উজ্জ্বল করবে এবং নতুন প্রজন্মের জন্য উদাহরণ সৃষ্টি করবে।”
রাজশাহীবাসীসহ দেশবাসী এখন সাঈদ ইবনে ত্বাকির সাফল্যের প্রত্যাশায় প্রহর গুনছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় তার অংশগ্রহণ ও নেতৃত্ব দেশের জন্য নতুন গৌরব বয়ে আনবে বলেই সংশ্লিষ্টদের বিশ্বাস।





