ইফতেখার আলম বিশাল: রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী জাহাজঘাট এলাকা থেকে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬২ বোতল মদ ও ৪৫১ বোতল বিভিন্ন ধরনের সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের সিজার মূল্য ৪ লাখ ৭৩ হাজার ৪০০ টাকা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর তালাইমারী বিওপির সদস্যরা এ অভিযান চালান।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর তীরে অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। এ সময় দুই ব্যক্তিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে তাদের ধাওয়া করা হয়। তখন তারা সঙ্গে থাকা বস্তা ফেলে পালিয়ে যান। পরে বস্তাগুলো তল্লাশি করে ২ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৬২ বোতল ভারতীয় বুল ফাইটার মদ, ১৯২ বোতল ইসকাপ সিরাপ, ৯৮ বোতল কোকো সিরাপ ও ১৬১ বোতল ব্রনকফ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন রাজশাহীর কাটাখালী থানার চরখানপুর গ্রামের জিন্নাহ আলীর ছেলে শাহাবুল (৩২) ও মাহবুর (২৮)। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মাদকদ্রব্য মতিহার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


















