রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল (বিএনআরপি) এর রাজশাহী মহানগর শাখা পুনর্গঠন করা হয়েছে। গত [১৩ জুলাই ] দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিশেষ সভায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আহবায়ক কমিটিতে মো: সুমন সরদারকে আহবায়ক এবং ফায়সাল শেখকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে। এছাড়া নাইমুল ইসলাম রাজুকে কমিটির গুরুত্বপূর্ণ পদ যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো: রুহুল আমিন, সহ সভাপতি তহর আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: মোজাম্মেল হক এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির আহবায়ক মো: সুমন সরদার বলেন, ‘দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব। রাজশাহী মহানগরে বিএনআরপি-এর সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে সবার সহযোগিতায় কাজ করব।’
সদস্য সচিব ফায়সাল শেখ বলেন, ‘দলের আদর্শ ও উদ্দেশ্য জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এবং নতুন কর্মী সংগ্রহে আমরা বিশেষ গুরুত্ব দেব। একটি শক্তিশালী ও সুসংগঠিত কমিটি গঠনের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি।’
যুগ্ম আহবায়ক নাইমুল ইসলাম রাজু বলেন, ‘দলের কর্মসূচিতে জনসাধারণের অংশগ্রহণ বৃদ্ধি এবং স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালনে আমরা সচেষ্ট থাকব।’
রাজশাহী মহানগর বিএনআরপি-এর এই নতুন কমিটি গঠনের ফলে স্থানীয় রাজনীতিতে দলের অবস্থান আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।