ইফতেখার আলম বিশাল: রাজশাহী নগরীতে একটি পাথর বোঝাই ট্রাকে অভিযান চালিয়ে হেরোইনের একটি বড় চালান উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এসময় ট্রাকটি তল্লাশি চালিয়ে ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয় এবং পাচারকারী ট্রাক চালককে আটক করে তারা।
উদ্ধার হেরোইনের আনুমানিক বাজার মূল্য পাঁচ কোটি ১০ লাখ টাকা।
অভিযানের পর মঙ্গলবার (৭ মে) দুপুরে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ে এ ব্যাপারে প্রেস ব্রিফিং করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান।
এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সামনে মাদকবিরোধী এ অভিযানের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, নির্ভরযোগ্য সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অভিযান চালানো হয়।
এ সময় আটক করা হয় মো. জামাল হোসেন (২০) নামে ওই মাদক কারবারিকে। আটক ওই যুবক পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক বাগানবাড়ির গ্রামের তেনু হোসেনের ছেলে।
প্রেস ব্রিফিংয়ের সময় ফজলুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রথমে কাশিয়াডাঙ্গা-আমচত্বর সড়কে অবস্থান নেন। এ সময় সন্দেহজনক ওই পাথরবোঝাই ট্রাকটিকে সংকেত দিয়ে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের মধ্যে পুরোনো কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫১ প্যাকেটে মোট ৫ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জামাল হোসেন সীমান্ত জেলা দিয়ে হেরোইনের এ বিশাল চালানটি অন্যত্র পাচার করছিলেন।
এ ঘটনায় হেরোইন পাচারের দায়ে পরে ১৫ হাজার ১১০ কেজি পাথরসহ ওই ট্রাকটিও জব্দ করা হয়। ওই যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। আর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে এ মাদক চক্রের অন্য হোতাদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই বর্তমানে তাদেরও নজরদারিতে রাখা হয়েছে। তাদের আটক করতে যেকোনো সময় অভিযান চালানো হবে বলে উল্লেখ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন এ কর্মকর্তা।
সনি বাংলা ডট কম/ইআবি





