ইফতেখার আলম বিশাল: সুরম্য প্রকৃতি, প্রাণোচ্ছল আয়োজন আর সবার প্রাণবন্ত অংশগ্রহণে হয়ে গেল “রাজশাহীর আলো” পত্রিকার বার্ষিক বনভোজন ২০২৫। রাজশাহী চিড়িয়াখানায় দিনব্যাপী এই আয়োজনে পত্রিকার সদস্য ও আমন্ত্রিত অতিথিরা আনন্দঘন সময় কাটান।
বর্ণিল আয়োজনে প্রাণবন্ত বনভোজন
সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নানা আয়োজনে মুখর ছিল বনভোজন প্রাঙ্গণ। মনোমুগ্ধকর পরিবেশে অংশগ্রহণকারীরা উপভোগ করেন বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৌহার্দ্যপূর্ণ আড্ডা। বিশেষ করে মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল লাকি কুপন র্যাফেল ড্র। ১০ জন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়, যা উপস্থিত সবাইকে আরও আনন্দিত করে।
রাজশাহীর আলো পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক মো: আজিবার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন: পত্রিকাটির সিনিয়র উপদেষ্টা ডা. আব্দুল মান্নান, উপদেষ্টা আলহাজ্ব আবু বাক্কার, ডা. মোঃ রাসেল মিয়া, সাব-এডিটর
মোঃ মশিউর রহমান মনি, নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল মুগনী নিরো, বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি ও রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ শামসুল ইসলাম, মহানগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক রাজবার্তার চিফ রিপোর্টার ও রাজশাহীর আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মো: ইফতেখার আলম বিশাল।
আয়োজকদের মতে, এই বনভোজন শুধুমাত্র বিনোদনের জন্য নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করার একটি সুযোগ। দিনশেষে সবাই মুখে হাসি নিয়ে বনভোজন প্রাঙ্গণ ত্যাগ করেন, সাথে নিয়ে যান আনন্দময় স্মৃতির ঝুলি।




